রাজ্যের খবর
নির্বাচনের পূর্বে কল্পতরু মুখ্যমন্ত্রী, রাজ্যবাসীর মুখে হাসি ফোটাতে একাধিক জনকল্যাণমূলক বাজেট পেশ অধিবেশনে
নিউজ ডেস্ক , ০৬ ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচনের আগে শুক্রবার রাজ্যের অন্তর্বর্তী বাজেট অধিবেশন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শারীরিক অসুস্থতার কারণে এদিনের বাজেট অধিবেশনে অনুপস্থিত ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তাই বাজেট পড়েন মুখ্যমন্ত্রী।
একাধিক জনকল্যাণমূলক বাজেট বরাদ্দের মাঝে তিনি এদিন ঘোষণা করেন, ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেক বিধবাকে মাসিক ভাতা দেবে রাজ্য সরকার৷ সব ধর্ম, বর্ণের বিধবারাই এই সুবিধে পাবেন৷ পাশাপাশি ৬০ বছরের ঊর্ধ্বে রাজ্যের সব বাসিন্দাই মাসিক পেনশন পাবেন৷ এই দুই প্রকল্পের জন্য মোট ১০০০ কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করেছেন কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়াও নির্মাণ ও পরিবহণ শিল্পের সাথে যুক্ত শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান করতে রাজ্যের ৪৫ লক্ষ শ্রমিককে এককালীন ১ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, “করোনা অতিমারীর জেরে লকডাউনে আবাসন শিল্প ও পরিবহণ শিল্পের সাথে যুক্ত শ্রমিকরা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরণের প্রায় ৪৫ লক্ষ শ্রমিককে সহায়তা প্রদানে বিনামূল্যে “সামাজিক সুরক্ষা যোজনা” প্রকল্পের মাধ্যমে এককালীন ১ হাজার টাকা করে দেওয়া হবে।” এর জন্য আগামী অর্থবর্ষে ৪৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
