খেলার খবর
বৃষ্টিভেজা মুম্বইয়ে বিসিসিআইয়ের বৈঠক, ঘোষণায় শোনা গেল চমকপ্রদ নাম
ডিজিটাল ডেস্কঃ অবশেষে ঘোষণা হল এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)-এর জন্য ভারতীয় দলের নাম। মঙ্গলবার প্রবল বৃষ্টির মধ্যেই মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে সংলগ্ন বিসিসিআইয়ের (BCCI) প্রধান কার্যালয়ে বৈঠক শেষে দল ঘোষণা করেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)। ঘোষিত ১৫ জনের দলে একদিকে যেমন নতুন চমক রয়েছে, তেমনই বাদ পড়েছেন কয়েকজন তারকা ক্রিকেটারও।
সবচেয়ে বেশি নজর কাড়ল শুভমান গিলের (Shubman Gill) নাম। ইংল্যান্ড সিরিজে টেস্ট ক্রিকেটে ৭৫৪ রানের ঝড়ো ইনিংসের পর থেকেই তাঁর ফর্ম নিয়ে জোর আলোচনা চলছিল। যদিও অনেক বিশেষজ্ঞই ভেবেছিলেন সাদা বলের ফর্ম্যাটে হয়তো তিনি সুযোগ নাও পেতে পারেন। কিন্তু প্রত্যাশার বাইরে গিয়ে শুধু সুযোগই নয়, গিলকে সহ-অধিনায়কের দায়িত্বও দেওয়া হল। বোঝাই যাচ্ছে, নির্বাচকরা তাঁর উপর বিশেষ আস্থা রাখছেন।
অন্যদিকে হতাশ হতে হল শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। ধারাবাহিকতার অভাবে তাঁরা বাদ পড়েছেন। সমালোচকদের অবাক করে দলে জায়গা পেয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh), যদিও সাম্প্রতিক সময়ে তিনি ব্যাট হাতে ফর্মে ছিলেন না। কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে ভাল পারফরম্যান্স করায় নির্বাচিত হয়েছেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) এবং তরুণ পেসার হর্ষিত রানা (Harshit Rana)।
স্পিন বিভাগে রয়েছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং অক্ষর প্যাটেল (Axar Patel)। পেস আক্রমণের মূল ভরসা জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও অর্শদীপ সিং (Arshdeep Singh), সঙ্গে রয়েছেন অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং জিতেশ শর্মা (Jitesh Sharma)।
এশিয়া কাপে ভারতীয় দল (India Squad for Asia Cup 2025):
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা (Abhishek Sharma), তিলক বর্মা (Tilak Varma), হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে (Shivam Dube), অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হর্ষিত রানা, রিঙ্কু সিং।


