কলকাতা
মানবিকতার নজির: পহেলগাঁও হামলায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
ডিজিটাল ডেস্কঃ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ভয়াবহ ক্ষত এখনও তাজা দেশের বুকে। ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুতে রক্তাক্ত হয়েছে উপত্যকা। তাঁদের মধ্যে বাংলার তিনজনের প্রাণহানি বিশেষ ভাবে নাড়া দিয়েছে গোটা রাজ্যকে। স্বজন হারানোর এই গভীর শোকের সময়ে আক্রান্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিল রাজ্য সরকার।
শনিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, পহেলগাঁও হামলায় নিহত প্রতিটি বাংলা পরিবারকে ১০ লক্ষ টাকা করে এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে এখানেই থেমে থাকেননি তিনি। নিহত বিতান অধিকারীর পরিবারকে বিশেষ সহায়তার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিতানের বাবা-মায়ের আর্থিক দুরবস্থা মাথায় রেখে তাঁর বাবার নামে একটি পেনশন প্রকল্প গঠন করা হবে, যেখানে মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি, বিতানের মায়ের জন্য দ্রুত ‘স্বাস্থ্যসাথী’ কার্ড তৈরি করে দেওয়া হবে যাতে চিকিৎসা পরিষেবায় কোনও অসুবিধা না হয়।
আরও পড়ুনঃ কাশ্মীরে ফের জঙ্গি হামলা! ঘরে ঢুকে সমাজকর্মীকে গুলি করে খুন
এছাড়াও, পুরুলিয়া এবং বেহালার নিহতদের পরিবারে কেউ যদি সরকারি চাকরির জন্য আবেদন করেন, তাঁদের ক্ষেত্রেও সর্বোচ্চ সহায়তা করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “এই শোকের সময়ে আক্রান্ত পরিবারের যেকোনও প্রয়োজনে পাশে থাকবে বাংলা।”
জরুরি ভিত্তিতে ডাকা নবান্নের সাংবাদিক সম্মেলনে মুখ্যসচিব মনোজ পন্থ মুখ্যমন্ত্রীর এই মানবিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। হামলার পরপরই মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গি নাশকতার তীব্র নিন্দা করেছিলেন। আর এবার শোকস্তব্ধ পরিবারগুলির পাশে থেকে তাঁদের স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য সক্রিয় উদ্যোগ নিলেন তিনি।
