দুর্ঘটনা
২৪২ জনের মৃত্যুর মাঝে অলৌকিক জীবন! বিশ্বাসকুমারকে দেখতে হাসপাতালে হাজির মোদী
ডিজিটাল ডেস্ক: কখনও কখনও জীবন নিজেই সৃষ্টি করে অবিশ্বাস্য কাহিনি। আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যুকে প্রায় ছুঁয়ে ফিরে এলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাসকুমার রমেশ (Vishwaskumar Ramesh)। ঘটনার পর থেকেই গোটা দেশ অবাক এই অলৌকিক বেঁচে ফেরার ঘটনায়।
বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে বিশ্বাসকুমারের সঙ্গে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পরদিন শুক্রবার সকালে তাঁকে দেখতে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। হাসপাতালে শুয়ে ভয়াবহ সেই মুহূর্তের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেন বিশ্বাসকুমার।
PM @narendramodi visits Civil hospital in Ahmedabad and meets the survivor of Air India plane crash and other people injured due to the mishap. @PMOIndia @MIB_India @PIB_India pic.twitter.com/gR9ks2axxi
— DD News (@DDNewslive) June 13, 2025
তিনি বলেন, “উড়ানের ঠিক ৩০ সেকেন্ডের মধ্যেই তীব্র বিস্ফোরণের শব্দ শুনতে পাই। তারপর মুহূর্তের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে। সবকিছু এত দ্রুত ঘটেছিল যে কিছু বুঝে ওঠার সময়ই ছিল না। আমি কীভাবে বেঁচে গেলাম, এখনও নিজেই জানি না।”
ঘটনার সময় ৪৫ বছর বয়সি বিশ্বাসকুমার বসেছিলেন ১১এ (11A) সিটে। সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার AI171 বিমানে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ২৪২ জন ছিলেন। তবে আশ্চর্যজনকভাবে, বিশ্বাসকুমার ছাড়া আর কেউ জীবিত নেই বলেই মনে করা হচ্ছে। তাঁর ভাই অজয় কুমার রমেশ (Ajay Kumar Ramesh), যিনি বসেছিলেন অন্য সারিতে, ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
ঘটনার পর ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের মধ্যে থেকে ধীরে ধীরে হেঁটে বেরিয়ে আসছেন বিশ্বাসকুমার। যদিও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর বুকে আঘাত রয়েছে। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল।
বিশ্বাসকুমার এখনও তাঁর ভাইয়ের খোঁজ চালানোর জন্য হাসপাতাল থেকেই অনুরোধ জানিয়েছেন। পরিবারের তরফে জানানো হয়েছে, তিনি এখনও মানসিক ভাবে চরম ধাক্কার মধ্যে রয়েছেন। লেস্টার (Leicester) থেকে বিশ্বাসকুমারের আরেক ভাই নয়ন কুমার (Nayan Kumar) বলেন, “ঘটনার কথা শুনে আমরা হতবাক। কীভাবে ও বেঁচে ফিরল, সেটা এখনও আমাদের কাছে এক রহস্য।”
পরিবারে স্বস্তি ফিরলেও একই সঙ্গে রয়েছে বিস্ময়। কারণ, এত বড় দুর্ঘটনার মধ্যে থেকেও কীভাবে তিনি অক্ষত অবস্থায় বেরিয়ে এলেন, সেটাই আজও কেউ ব্যাখ্যা করতে পারছেন না।
উল্লেখ্য, আহমেদাবাদের মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজের ক্যান্টিনের উপর ভেঙে পড়ে AI171 এয়ার ইন্ডিয়ার বিমানটি। দুর্ঘটনাগ্রস্ত উড়ানটি ছিল বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার (Boeing 787 Dreamliner), যা যাত্রা শুরুর পর থেকে নিরাপদ উড়ানের জন্য পরিচিত। ২০১১ সাল থেকে এই মডেল ব্যবহার করা হলেও এতদিন বড় কোনও দুর্ঘটনার শিকার হয়নি এই বিমান।
তবে কী কারণে এত বড় দুর্ঘটনা ঘটল, সেই প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী দল। সম্ভাব্য কারণ হিসেবে উঠে আসছে যান্ত্রিক ত্রুটি, উড্ডয়নের সময় ভারসাম্যহীনতা বা পাখির সঙ্গে সংঘর্ষের বিষয়টিও। যদিও চূড়ান্ত রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি।
দেশজুড়ে শোকের আবহের মধ্যেও বিশ্বাসকুমারের অলৌকিকভাবে বেঁচে ফেরা যেন আশার এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকল।
