ভাইরাল খবর
ভয়াবহ অভিজ্ঞতা! প্রকাশ্যে অতীতের ট্রমার কথা বললেন অদিতি পোহানকার
ডিজিটাল ডেস্কঃ ‘শি’ ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকদের মন জয় করা অভিনেত্রী অদিতি পোহানকার সম্প্রতি নিজের জীবনের কিছু ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের দুই পর্যায়ে—একটি শৈশবে, আরেকটি কিশোর বয়সে—যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি।
প্রথম ঘটনাটি ঘটে যখন তিনি স্কুলে পড়তেন। তখন তাঁর মা ছিলেন শিক্ষিকা, এবং স্কুলে যাওয়ার জন্য বাসের সুবিধা পেতেন তিনি। কিন্তু একসময় তাঁকে নিজে বাস ধরার দায়িত্ব নিতে হয়। একদিন, তাঁর মায়ের এক ছাত্র, যাকে তিনি ‘দাদা’ বলে ডাকতেন, বাসে উঠে আচমকাই নিজের কোল থেকে ব্যাগ সরিয়ে তাঁকে অশ্লীল কিছু দেখানোর চেষ্টা করে। প্রথমে হকচকিয়ে গেলেও, দ্রুত প্রতিক্রিয়া দেখান অদিতি। তিনি উচ্চস্বরে চিৎকার করে ওঠেন, “এই লোকটা আমাকে খারাপ কিছু দেখাচ্ছে!” এতে আতঙ্কিত হয়ে সেই ব্যক্তি চলন্ত বাস থেকেই লাফিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি জানার পর, অদিতির মা তাঁকে সাহসী পদক্ষেপের জন্য প্রশংসা করেছিলেন।
আরও পড়ুনঃনিউটাউনে মহিলা পুলিশকে হেনস্থা, মদ্যপ দুই যুবক গ্রেফতার
দ্বিতীয় ঘটনা ঘটে মুম্বইয়ের লোকাল ট্রেনে। তখন অদিতি একাদশ শ্রেণিতে পড়তেন। স্কুলের ছেলেদের জন্য মহিলাদের কামরায় ওঠার অনুমতি থাকলেও, নির্দিষ্ট পোশাক পরার শর্ত ছিল। একদিন, স্কুলের পোশাক পরা এক কিশোর মহিলাদের কামরায় ওঠে এবং ট্রেন চলতে শুরু করতেই সে অদিতিকে শারীরিকভাবে হেনস্থা করে। এই ঘটনায় হতভম্ব হয়ে প্রথমেই পরের স্টেশনে নেমে পড়েন তিনি এবং সরাসরি পুলিশের কাছে অভিযোগ জানান।
কিন্তু পুলিশের প্রতিক্রিয়া ছিল হতাশাজনক। তারা প্রথমে ঘটনাটি প্রমাণ করতে বলেন। এরপর অদিতি নিজেই অভিযুক্ত ছেলেটিকে শনাক্ত করে এবং রাগে তাকে মারতে উদ্যত হন। শেষমেশ পুলিশের চাপে ছেলেটি নিজের অপরাধ স্বীকার করে এবং ক্ষমা চায়। অভিনেত্রীর এই সাহসী স্বীকারোক্তি অনেক নারীর জন্য অনুপ্রেরণা হতে পারে, যারা হেনস্থার মুখোমুখি হয়েও চুপ থাকেন। তিনি প্রমাণ করেছেন, প্রতিবাদই পারে অন্যায়কে রুখে দিতে।
