ভাইরাল খবর
সোশাল মিডিয়া ছাড়লেন বিরাট? ইনস্টায় নেই কিং কোহলি
ডিজিটাল ডেস্কঃ ক্রিকেট থেকে নিজেকে অনেকটাই সরিয়ে নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। দেশের জার্সিতে এখন শুধুমাত্র ওয়ানডে খেলছেন তিনি। এবার কি তবে সোশাল মিডিয়া থেকেও সরে দাঁড়ালেন কিং কোহলি? বৃহস্পতিবার গভীর রাত থেকে নেটিজেনরা লক্ষ্য করেন, ইনস্টাগ্রামে (Instagram) বিরাটের ভেরিফায়েড অ্যাকাউন্টটি আর দেখা যাচ্ছে না।
ভারতীয়দের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার ছিল বিরাটের। ক্রিকেটারদের মধ্যেও তাঁর ফলোয়ার সংখ্যা ছিল সর্বাধিক। অ্যাকাউন্ট উধাও হওয়ার আগে পর্যন্ত বিরাটের ফলোয়ার সংখ্যা ছিল প্রায় ২৭০ মিলিয়ন (270 Million Followers)। কিন্তু ইনস্টাগ্রামে সার্চ করলে দেখা যাচ্ছে— ‘Account Not Found’। এমনকি বিরাটের দাদা বিকাশ কোহলির (Vikas Kohli) অ্যাকাউন্টও খুঁজে পাচ্ছেন না অনেকে।
তবে বিরাট-পত্নী অনুষ্কা শর্মার (Anushka Sharma) ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্বাভাবিক রয়েছে। ফলে নেটিজেনদের একাংশের ধারণা, এটি কোনও টেকনিক্যাল সমস্যা (Technical Glitch) হতে পারে। যদিও সেই জল্পনা থামেনি।
বিরাটের অ্যাকাউন্ট না পেয়ে অনুষ্কার পোস্টে ভক্তদের প্রশ্নের বন্যা। ‘বউদি, দাদার ইনস্টা কোথায়?’— এমন মন্তব্যে ভরে গিয়েছে কমেন্ট বক্স। শুরু হয়েছে মিম ও মশকরা। কেউ বলছেন সন্ন্যাস, কেউ আবার পুরনো লাইক বিতর্ক টেনে আনছেন।
যদিও এক্স (X/Twitter) ও ফেসবুকে (Facebook) বিরাট এখনও সক্রিয় ছিলেন। প্রায় ১০ ঘণ্টা পরে আবার ইনস্টাগ্রামে ফিরে আসে বিরাটের অ্যাকাউন্ট। ততক্ষণে নেটদুনিয়ায় ঝড় বয়ে গিয়েছে।
