রাজনীতি
উত্তরবঙ্গ সফরের শেষ দিনে ফুলবাড়িতে প্রশাসনিক বৈঠক, সিদ্ধান্ত হতে পারে একাধিক প্রকল্পে
ডিজিটাল ডেস্কঃ উত্তরবঙ্গ সফরের (North Bengal Visit) তৃতীয় ও শেষ দিনে শিলিগুড়ির (Siliguri) ‘উত্তরকন্যা’ প্রশাসনিক ভবনে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিধানসভা নির্বাচনের (Assembly Elections) আগে এই বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষক মহল।
তিনদিনের সফরের প্রথম দিনে মুখ্যমন্ত্রী শিল্পোন্নয়নের লক্ষ্যে দীনবন্ধু মঞ্চে (Dinabandhu Mancha) রাজ্যের শিল্পপতিদের সঙ্গে মতবিনিময় করেন। দ্বিতীয় দিন সরকারি প্রকল্পের উদ্বোধন ও কর্মসূচিতে অংশ নিতে ফুলবাড়ির (Phulbari) ভিডিওকন গ্রাউন্ডে যান মুখ্যমন্ত্রী। আজ, সফরের তৃতীয় দিনে, মূল প্রশাসনিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উন্নয়ন ও প্রশাসনিক অগ্রগতি।
আরও পড়ুনঃ পহেলগাঁও হামলার জবাবের পর ক্ষতিগ্রস্ত কাশ্মীরে মানবিক বার্তা তৃণমূলের, প্রতিনিধি দল রওনা
আজকের বৈঠকে সরাসরি উপস্থিত থাকবেন দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), কোচবিহার (Cooch Behar) এবং আলিপুরদুয়ার (Alipurduar) জেলার জেলাশাসক ও প্রশাসনিক আধিকারিকরা। এছাড়া উত্তর দিনাজপুর (Uttar Dinajpur), দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) এবং মালদহ (Malda) জেলার প্রতিনিধিরা ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠকে যুক্ত হবেন বলে প্রশাসন সূত্রে খবর।
সূত্রের খবর, আজকের বৈঠকে রাজ্য প্রশাসনের শীর্ষ মহলের উপস্থিতিতে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিকাঠামো এবং সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখা হবে। পাশাপাশি জেলা স্তরের কিছু প্রকল্পে দেরি বা অনিয়ম থাকলে, তার ব্যাখ্যাও তলব করা হতে পারে বলে জানা যাচ্ছে।
একই সঙ্গে নির্বাচনের আগে উন্নয়নমূলক কর্মসূচিকে গতিশীল করতে রাজনৈতিক গুরুত্বপূর্ণ কিছু দিকনির্দেশও দিতে পারেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। ফলে আজকের প্রশাসনিক বৈঠক ঘিরে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে সরকারি স্তরেই নয়, রাজনৈতিক মহলেও।
বৈঠক শুরু হতে আর কিছুক্ষণের অপেক্ষা। মুখ্যমন্ত্রীর এই সফরের মাধ্যমে উত্তরবঙ্গের জেলাগুলিতে উন্নয়ন প্রকল্পগুলির নতুন গতি পাবে কি না, সে দিকেই এখন নজর প্রশাসনিক মহলের।
