রাজনীতি
নাগরিকত্ব বিতর্কে বাতিল প্রধানপদ, দায়িত্বভার উপপ্রধানকে
বাংলাদেশী নাগরিকত্বের অভিযোগে শাসকদলের প্রধানের ওবিসি শংসাপত্র বাতিল হওয়ার পরেই এবারে বাতিল হল প্রধান পদ। হাইকোর্টের নির্দেশের পরেই পদক্ষেপ মহকুমা প্রশাসনের। আপাতত প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন উপ-প্রধান।
উল্লেখ্য মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান লাভলি খাতুন বিগত পঞ্চায়েত ভোটে কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয় লাভ করে ছিলেন। প্রধান আসন সংরক্ষিত থাকায় সুযোগ বুঝে তৃণমূলে যোগদান করে প্রধান হয়ে যান।
লাভলী খাতুনের কাছে ভোটে পরাজিত হয়ে, তৃণমূলের অপর এক সদস্যা রাহেনা সুলতানা কলকাতা হাইকোর্টে প্রধানের বিরুদ্ধে বাংলাদেশী নাগরিকতার অভিযোগ এনে মামলা দায়ের করে।জাল নথিপত্র বের করে জাল ওবিসি শংসাপত্র করে তিনি প্রধান হয়েছেন বলে অভিযোগ আনে রাহেনা সুলতানা।
আরও পড়ুন – বীরভূমে তৃণমূল নেতা খুনে গ্রেফতার দলেরই কর্মী! পাথর দিয়ে থেঁতলে খুন শাসক নেতাকে
হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করেন মহকুমাশাসক সৌভিক মুখার্জি। মহকুমা শাসকের দপ্তরে একাধিকবার শুনানি হয়। শুনানিতে একাধিক অসঙ্গতি উঠে আসে।বাবার হিসেবে ভুয়ো ব্যক্তির নাম ব্যবহার করে এবং সাক্ষীদের সই জালিয়াতি করে লাভলী খাতুন ওবিসি শংসাপত্র বের করে ছিলেন এই মর্মে রিপোর্ট দেওয়া হয় হাইকোর্টে।
কোর্টের নির্দেশে শোকজ করার পর, বাতিল করা হয় তার প্রধান পদ। যদিও এখনো সদস্য পদ খারিজ হয়নি। তবে প্রধান পদ বাতিল হওয়ায় প্রশাসনের নির্দেশে সেই জায়গায় দায়িত্ব নিলেন উপ-প্রধান এক্রামূল হক। যদিও প্রধানের পদ বাতিল নিয়ে কিছু বলতে চাননি সদ্য দায়িত্বপ্রাপ্ত এক্রামূল হক।
অন্যদিকে লাভলী খাতুন তৃণমূলের নয় বলে দাবী অঞ্চল তৃণমূল নেতৃত্বর। কংগ্রেসের থেকে জিতেছিলেন। তাকে শুধু প্রধান পদে তৃণমূলের তরফে সমর্থন করা হয়েছিল বলে দাবী অঞ্চল তৃণমূল নেতৃত্বর।
আরও পড়ুন – জমি নিয়ে বিবাদ! দুপক্ষের গন্ডগোলে তুলকালাম, পুলিশের দ্বারস্থ
