বিশ্বের খবর
করোনায় আক্রান্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক , ১১ এপ্রিল : করোনা আক্রান্ত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি সুপ্রিমো খালেদা জিয়া (Khaleda Zia)। শনিবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। স্বাস্থ্যমন্ত্রকের জনসংযোগ আধিকারিক মাইদুল ইসলাম প্রধান স্থানীয় সংবাদমাধ্যমে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গোটা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও করোনা ব্যাপক ভাবে বাড়তে শুরু করেছে। করোনা ভাইরাসের (Coronavirus) দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় সংক্রমণ বৃদ্ধির জন্যও বিরোধী বিএনপি-র উপর দায় চাপিয়েছে বাংলাদেশের শাসকদল আওয়ামি লিগ। যদিও বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি’র (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সোশ্যাল মিডিয়ায় খালেদা জিয়ার করোনা পজিটিভ রিপোর্ট তিনি দেখেছেন। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত তিনি নিশ্চিত নন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্টের একটি কপি ভাইরাল হয়েছে। সেটি কিউআর কোড স্ক্যান করলে স্বাস্থ্য অধিদপ্তরের যে ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানা যায় সেখানে চলে যায়। সেখানে এই কপিটি রয়েছে। রিপোর্টে যে ফোন নম্বরটা দেওয়া হয়েছে, সেটি বিএনপির চেয়ারপারসনের মেডিকেল টিমের টেকনোলজিস্ট মহম্মদ সবুজের। তবে তিনি খালেদা জিয়ার করোনা শনাক্ত হওয়া বা না হওয়া বিষয়ে কিছু জানেন না বলেই দাবি করেছেন।
