নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত ৪ বন্ধু, শোকের ছায়া এলাকায়
Connect with us

রাজ্যের খবর

নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত ৪ বন্ধু, শোকের ছায়া এলাকায়

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৯ মার্চ : রঙ খেলার দিনে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল ৪ জন কিশোরের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি আরও চারজন। সোমবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে (Durgapur)। মৃতদের মধ্যে একজন দুর্গাপুরের এবং তিন জন বাঁকুড়ার (Bankura) বাসিন্দা বলে জানা গেছে। দুর্গাপুরের কিশোরের পরিচয় জানা গেলেও, বাকি তিনজনের পরিচয় এখনও জানা যায়নি।

সোমবার রং খেলার পর দুর্গাপুরের কোক ওভেন থানার করঙ্গপাড়ার সাত বন্ধু দামোদর নদে স্নান করতে নামে। দুর্গাপুরের ব্যারেজের ডাউনস্ট্রিমের দিকে ১২ নম্বর লকগেটের কাছে তারা দামোদরে নেমেছিল। একই সময় বড়জোড়ার দিক থেকে বাঁকুড়ার তিন জনও নদে নামে। এরা ওই সাতজনেরই পূর্ব পরিচিত ছিল বলে খবর। এদিকে, স্নান করতে নামার পর বড়জোড়ার তিন কিশোর জলে ডুবে যেতে থাকে। তা দেখতে পেয়ে নবম শ্রেণির পড়ুয়া অভিরাজ তিন বন্ধুকে বাঁচাতে নদীতে নামে কিন্তু দুর্ভাগ্যবশতঃ তিন বন্ধুর সঙ্গে সেও তলিয়ে যায়। এরপরই বাকিদের চিৎকারে স্থানীয় মৎস্যজীবীরা উদ্ধারকার্যে নেমে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বড়জোড়া এবং কোক ওভেন থানার পুলিশ। এরপর মৎস্যজীবীরাই আট জনকে উদ্ধার করেন। তাদের তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁকুড়ার তিন কিশোর এবং দুর্গাপুরের অভিরাজকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মর্মান্তিক এই ঘটনার কথা জানতে পেরে শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে।