চিকিৎসা পরিষেবা না মেলায় প্রৌঢ় মৃত্যুর অভিযোগ পরিবারের, পথ অবরোধ এলাকাবাসীদের
Connect with us

উত্তর দিনাজপুর

চিকিৎসা পরিষেবা না মেলায় প্রৌঢ় মৃত্যুর অভিযোগ পরিবারের, পথ অবরোধ এলাকাবাসীদের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ডালখোলা , ২২ মার্চ : স্বাস্থ্যসাথীর কার্ড দেখিয়ে চিকিৎসা পরিষেবা না মেলার অভিযোগে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুরের ডালখোলায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম রমেশ দাস(৪৫)।

তাঁর বাড়ি ডালখোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দাস পাড়া এলাকায়। গত ২০ মার্চ মোটর বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। মারাত্বক চোট লাগে মাথায়। এরপর আশঙ্কাজনক অবস্থায় পাশ্ববর্তী বিহারের কিশানগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ায় পরিস্থিতি অবনতি দেখে শিলিগুড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে রোগী ভর্তি করার পর নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীর বাড়ির লোকেদের সাফ জানিয়ে দেন এখানে স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবা মিলবে না। এঘটনায় রোগীকে ফের অন্যত্র নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন রমেশ দাসের পরিবারের সদস্যরা। যদিও নার্সিংহোমের চিকিৎসা বাবদ ২৫ হাজার টাকা ধারদেনা করে মিটিয়ে দেন তাঁরা। নার্সিংহোম থেকে নিয়ে আসার পথে সোমবার মৃত্যু হয় রমেশ দাসের। ঘটনায় মৃতদেহ নিয়ে ডালখোলায় ৩৪ নম্বর জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয় পরিজনেরা। মৃতের ছেলে দীপক দাস বলেন, গত ২০ মার্চ ডালখোলা কলেজ মোড় এলাকায় একটি বাইক বাবাকে ধাক্কা মারলে বাবার মাথায় চোট লাগে। শিলিগুড়ির একটি নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদের জানিয়ে দেয় স্বাস্থ্য সাথী কার্ডে কোনো চিকিৎসা পরিষেবা দেওয়া হবে না। এরপর স্থানীয়দের কাছ থেকে টাকা ধার নিয়ে নার্সিংহোমের বিল মিটিয়ে অন্যত্র চিকিৎসা জন্য বাবাকে নিয়ে রওনা হই। কিন্তু রাস্তাতেই বাবার মৃত্যু ঘটে। কার্যত বিনা চিকিৎসায় বাবার মৃত্যু হয়েছে। যদি আগে থেকে জানতাম সরকারের দেওয়া ওই কার্ডে কোনো সুবিধা পাওয়া যাবে না তাহলে বাবাকে অন্যত্র নিয়ে যেতাম, তবে হয়ত বাবাকে এভাবে আমাদের হারাতে হত না।’ অবরোধের জেরে উত্তেজনা ছড়ায় এলাকাতে। পরে ডালখোলা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।