মালদা
সদ্যজাত বদলের অভিযোগে পরিজনদের বিক্ষোভে উত্তাল মালদা মেডিক্যাল চত্বর
নিজস্ব সংবাদদাতা , মালদা , ২০ মার্চ : মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে এক সদ্যোজাত শিশু চুরির অভিযোগ করলেন প্রসূতির পরিবার। ঘটনাকে ঘিরে শনিবার চাঞ্চল্য ছড়িয়ে পড়লো মেডিকেল কলেজ চত্বরে। অভিযোগ, প্রসব যন্ত্রণা নিয়ে শুক্রবার বিকেলে মেডিক্যাল কলেজের মাতৃ মা বিভাগে ভর্তি হন কালিয়াচকের জালালপুরের বাসিন্দা চুমকি চৌধুরী।
চুমকির স্বামী জয়ন্ত চৌধুরী ভিনরাজ্যে শ্রমিকের কাজ করে।সেদিন সন্ধ্যায় একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। হাসপাতালের নথিতেও পুত্র সন্তানের কথা উল্লেখ করা হয়।অথচ শুক্রবার রাত ন’টা নাগাদ কর্তব্যরত চিকিৎসাকর্মীরা চুমকির হাতে একটি কন্যা সন্তান তুলে দেন। এরপরই ওই প্রসূতি অভিযোগ করেন তার পুত্র সন্তানকে চুরি করা হয়েছে।ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে প্রসূতির পরিজনেরা। ওই প্রসূতির ননদ রানী চৌধুরী জানিয়েছেন, শুক্রবার বিকেল ৫.৩০টা তার বৌদিকে মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। দুঘণ্টা পর তিনি পুত্র সন্তানের জন্ম দেন বলে জানান চিকিৎসকেরা। কিন্তু কাগজপত্র তৈরি করে আসার পর জানানো হয় যে তার বৌদি মেয়ে সন্তানের জন্ম দিয়েছে। এরপর বাচ্চা বদলের অভিযোগে সরব হয়েছে পরিজনেরা। বাচ্চা হওয়ার পর তার বৌদিকেও চিকিৎসকেরা জানিয়েছেন তাদের পুত্রসন্তান হয়েছে। কিন্তু এরপরেই রাতে বলা হয়েছে তার বৌদি মেয়ে সন্তানের জন্ম দিয়েছে। এনিয়ে টাকার বিনিময়ে বাচ্চা বদলের অভিযোগে সরব হন প্রসূতির পরিজনেরা। এই ঘটনাকে ঘিরে প্রসূতির পরিবার ও হাসপাতালের নিরাপত্তারক্ষীদের মধ্যে বচসা ও হাতাহাতি ঘিরে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। পরে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় মেডিক্যাল কলেজ কতৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছে ওই প্রসূতির পরিবার।
