দক্ষিণ দিনাজপুর
ফের উদ্ধার গাজা, পুলিশের জালে ৩ মহিলা
নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট , ১৮ মার্চ : ফের গাজা উদ্ধার হল বালুরঘাটে। বৃহস্পতিবার পতিরামের তালতলা এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে নাকাচেকিং চালানোর সময় একটি বাসে তল্লাসি চালিয়ে তিনজন মহিলার কাছ থেকে ১৮ কেজি গাজা উদ্ধার করে পুলিশ।
জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, বুধবার একটি বোলেরো গাড়িতে তল্লাশি চালিয়ে বালুরঘাট থানার রঘুনাথপুরে ২২ কেজি গাজা উদ্ধার করা হয়েছিল। আবারও গাজা উদ্ধার হওয়ায় আমরা উদ্বিগ্ন। হঠাৎ করে গাজা পাচারকারিরা এই জেলাকে সেভ করিডর হিসেবে ব্যবহার করছে কিনা তা ওই তিন মহিলাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অপরদিকে যে তিনজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম রীতা বর্মন ও শেফালী মহন্ত ও অষ্টমী সরকার। প্রথম দুজনের বাড়ি হিলি থানার বালুপাড়া এলাকায়। অন্যজন হল হিলি থানার ত্রীমোহিনীর বাসিন্দা। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
