মালদা
ট্রাকের ধাক্কায় মৃত্যু শিক্ষক দম্পতির, শোকের ছায়া এলাকায়
নিজস্ব সংবাদদাতা , মালদা , ২৪ ফেব্রুয়ারি : ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক শিক্ষক দম্পতির। বুধবার মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মঙ্গলবাড়ীর বুলবুলি মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। ঘটনায় গুরুতর আহত হয়েছে তাদের সাত বছরের এক শিশু কন্যাও।
জানা গিয়েছে, মৃত শিক্ষকের নাম জয়ন্ত বর্মন এবং তার স্ত্রীর নাম তনুশ্রী বর্মন। তার বাড়ি হবিবপুর ব্লকের চোকসা বাজপুর গ্রামে। চাকরিসূত্রে তিনি থাকতেন মঙ্গলবাড়ির ঘোষপাড়া এলাকায়। এবারের বিধানসভা নির্বাচনে ভোটের ডিউটি পড়েছিল তার। সেকারণেই বুধবার ভ্যাকসিন নিতে গিয়েছিলেন চাঁচল আর ডি গার্লস হাই স্কুলে। সেখান থেকে ফিরে স্ত্রী এবং মেয়েকে সঙ্গে নিয়ে ইংরেজবাজার শহরের দিকে যাচ্ছিলেন। সেই সময় মঙ্গলবাড়ীর বুলবুলি মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে তাদের স্কুটিটিকে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। ঘটনায় রাস্তার ওপর তিনজনই ছিটকে পরে যায়। মাথায় হেলমেট থাকলেও তা খুলে যায় ওই শিক্ষিকের। মাথায় গুরুতর আঘাত লেগে মৃত্যু হয় জয়ন্ত বর্মন ও তার স্ত্রী তনুশ্রী বর্মনের। কোনরকমে প্রাণে রক্ষা পেয়েছেন তাদের একমাত্র কন্যা। তড়িঘড়ি ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পুলিশ এসে ওই দম্পতির মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
