রাজ্যের খবর
ভোটের মুখে ফের ৮ হাজারের বেশি ক্লাবকে অনুদান রাজ্যের
নিউজ ডেস্ক , ০৯ ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচনের মুখে ফের ক্লাবগুলিকে অনুদান দিল রাজ্য। সোমবার সন্ধ্যায় কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ৮ হাজার ২৮৯ টি ক্লাবকে মোট ৮২ কোটি ৮৯ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়।
রাজ্যের এই দানখয়রাতি নিয়ে সরব হয়েছে বিরোধীরা ৷ ভোটের দিনক্ষণ ঘোষণার প্রাকমুহূর্তে অনুদান দেওয়া উচিত হয় নি বলেই মত তাদের৷ ভোটের আগে ক্লাবগুলিতে হাতে রাখতেই তৃণমূল সরকারের পদক্ষেপ বলে অভিযোগ বিরোধীদলগুলির৷ এদিনের অনুষ্ঠানে শুধু ক্লাব গুলিকে অনুদান প্রদানই নয়, রাজ্যের কৃতি ক্রীড়াবিদদের খেলশ্রী সম্মান প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আন্তর্জাতিকমানের খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে সরকারি উদ্যোগে বিভিন্ন ক্রীড়ায় নির্বাচিত একশো জন প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। পাশাপাশি এদিনের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে ষাটোর্ধ্ব প্রায় দু হাজার খেলোয়াড়কে মাসিক এক হাজার টাকা করে সাম্মানিক ভাতা দেওয়া হবে। এছাড়াও অনুষ্ঠানে ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় হকি দলের গোলরক্ষক বীর বাহাদুর ছেত্রীকে জীবনকৃতি সম্মান প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী তাঁর হাতে স্মারক,শাল ও পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন। পাশাপাশি ১৬ জনকে খেল সম্মান, ২৬ জনকে বাংলার গৌরব এবং ৭ জনকে ক্রীড়া গুরু সম্মান প্রদান করা হয় অনুষ্ঠানে। এদিনের অনুষ্ঠান থেকে যাদবপুরের কিশোরভারতী, হাওড়ার ডুমুরজোলা নব রূপে সজ্জিত স্টেডিয়াম সহ মোট ৫৩ টি উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
