ভাইরাল খবর
অতীত মুছে নতুন ভবিষ্যতের ডাক! দলবদলের আবহে মদন মিত্রের ফেসবুক পোস্টে তীব্র জল্পনা
ডিজিটাল ডেস্কঃ রাজ্য রাজনীতির টালমাটাল পরিস্থিতির মধ্যে তৃণমূল কংগ্রেসের (TMC) বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) একটি রহস্যময় সোশাল মিডিয়া (Social Media) পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে তিনি লিখেছেন, “Uninstall Your Past, Update Your Future”। বাংলায় যার অর্থ, ‘অতীতকে আনইনস্টল করো, ভবিষ্যৎকে আপডেট করো’। এই সংক্ষিপ্ত বার্তাই এখন রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে তৃণমূলের অন্দরে চলা টানাপোড়েন, ভাঙনের জল্পনা এবং নতুন রাজনৈতিক সমীকরণের আবহে মদনের এই পোস্টকে অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।
সম্প্রতি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তাঁদের শিবিরের সদস্য সংখ্যা ৫৮ থেকে বেড়ে ৬৪ হয়েছে। এরপরই মদনের এই পোস্ট সামনে আসায় রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, তবে কি তিনিও নতুন কোনও রাজনৈতিক অবস্থানের ইঙ্গিত দিচ্ছেন? তবে বাস্তবে সাম্প্রতিক সময়ে মদন মিত্রকে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে দেখা গিয়েছে। কালীঘাটের (Kalighat) দলীয় কার্যালয়ে তাঁর উপস্থিতি যেমন নজরে এসেছে, তেমনই সিআইডি (CID)-র তল্লাশি অভিযান নিয়েও তিনি সরব ছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ আবার মনে করছেন, এই পোস্ট দলবদলের ইঙ্গিত নয়। বরং জাতীয় রাজনীতিতে সম্ভাব্য নতুন জোট (Alliance) বা পরিবর্তিত রাজনৈতিক সমীকরণের বার্তাও হতে পারে। যদিও পোস্টটির প্রকৃত অর্থ নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি মদন মিত্র।
ফলে তাঁর এই এক লাইনের বার্তা এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।
