ভাইরাল খবর
‘অভিষেকের জন্য দলটা শেষ হয়েছে’! সই জাল মামলা ছেড়ে বিস্ফোরক আইনজীবী কল্যাণ
ডিজিটাল ডেস্কঃ বাংলায় তৃণমূলের ভরাডুবির পর ঘাসফুল শিবিরের অন্দরের সংঘাত এবার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেল। বিধানসভায় বিধায়কদের সই জালিয়াতির মামলায় (Signature Forgery Case) এবার চরম নাটকীয় মোড়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) স্পষ্ট জানিয়ে দিয়েছে, আজ সন্ধে ৬টার মধ্যে ভবানী ভবনে সিআইডির (CID) মুখোমুখি হতে হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। তবে তদন্তে সহযোগিতার শর্তে তাঁকে আগামী দুই সপ্তাহের জন্য অন্তর্বর্তী রক্ষাকবচ (Interim Protection) দেওয়া হয়েছে।
আদালতের এই কড়া নির্দেশিকার মাঝেই অভিষেকের অস্বস্তি বহুগুণ বাড়িয়ে মামলার শুনানির ঠিক আগে নাটকীয়ভাবে সরে দাঁড়ান শ্রীরামপুরের সাংসদ তথা প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। শুধু তিনি নন, তাঁর পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবং জুনিয়র আইনজীবীরাও এই মামলা থেকে নিজেদের প্রত্যাহার (Withdraw) করে নেন। পরবর্তীতে অভিষেকের পক্ষে আদালতে সওয়াল করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য।
মামলা থেকে সরে দাঁড়িয়েই অভিষেকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন কল্যাণ। প্রবীণ এই নেতার বিস্ফোরক দাবি, “ওর জন্য দলটা শেষ হয়েছে। বাপরে, এই মানুষটার কী ঔদ্ধত্য (Arrogance)! আমি মমতাদিকে বলব, হয় অভিষেককে রাখুন, আমাদের ছেড়ে দিন। নয় আমাদের রাখুন, অভিষেককে সরান।” তৃণমূলের একাধিক বিক্ষুব্ধ নেতারও অভিযোগ, ক্যামাক স্ট্রিটের কর্পোরেট অফিসে ডেকে প্রবীণ নেতাদের ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রেখে অপমান করা হতো।
মূলত, বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাবের রেজুলিউশনে (Resolution Copy) তৃণমূলের দুই বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার সই জাল করার অভিযোগ ওঠে। সিআইডির দাবি, প্রাথমিক তদন্তে (Preliminary Investigation) এই সই জালিয়াতির মূল চক্রী হিসেবে অভিষেকের নাম উঠে এসেছে। ইতিপূর্বে টানা তিনবার হাজিরা এড়ানোর পর আদালতের কড়া নির্দেশে আজ বিকেল ৪টেয় দিল্লি থেকে কলকাতা বিমানবন্দর (Airport) হয়ে সরাসরি ভবানী ভবনে পৌঁছানোর কথা ডায়মন্ড হারবারের সাংসদের।
