দেশের খবর
ইন্দিরা গান্ধীর পর এবার নেহরুর রেকর্ডও অতীত! মোদীর মুকুটে জুড়তে চলেছে নতুন পালক
ডিজিটাল ডেস্কঃ ভারতের সংসদীয় রাজনীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলকের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আগামী ১০ জুন তিনি দেশের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী (Elected Prime Minister) হিসেবে নতুন রেকর্ড গড়তে চলেছেন। ২০১৪ সালের ২৬ মে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম শপথ নেন মোদি। এরপর টানা তিনটি লোকসভা (Lok Sabha) নির্বাচনে জয়লাভ করে তিনি ক্ষমতায় রয়েছেন। আগামী ১০ জুন তাঁর প্রধানমন্ত্রিত্বের মেয়াদ দাঁড়াবে ৪,৩৯৯ দিনে। এর ফলে তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) ৪,৩৯৮ দিনের একটানা প্রধানমন্ত্রিত্বের রেকর্ড অতিক্রম করবেন।
জওহরলাল নেহরু ১৯৫২ সালের ১৩ মে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং ১৯৬৪ সালের ২৭ মে মৃত্যুর আগ পর্যন্ত টানা ৪,৩৯৮ দিন এই পদে ছিলেন। দীর্ঘ ৬২ বছর ধরে এই রেকর্ড অক্ষুণ্ণ ছিল। এবার সেই নজির ভাঙতে চলেছেন নরেন্দ্র মোদি। এর আগেই ২০২৫ সালে তিনি ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) ৪,০৭৭ দিনের একটানা প্রধানমন্ত্রিত্বের রেকর্ড পেরিয়ে গিয়েছিলেন। ফলে দেশের দীর্ঘতম মেয়াদের নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার পথে এটিই তাঁর সবচেয়ে বড় অর্জনগুলির একটি বলে মনে করা হচ্ছে।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেহরু ও মোদির সময়কাল, রাজনৈতিক পরিস্থিতি এবং শাসনব্যবস্থার ধরন ছিল সম্পূর্ণ ভিন্ন। তাই দুই নেতার প্রশাসনিক মডেলের সরাসরি তুলনা করা কঠিন। তবুও ভারতের গণতান্ত্রিক ইতিহাসে দীর্ঘমেয়াদি নেতৃত্বের ক্ষেত্রে ১০ জুন একটি স্মরণীয় দিন হয়ে থাকবে বলেই মনে করা হচ্ছে।
