ভাইরাল খবর
চুনোপুঁটি ধরা পড়েছে, আসল মাথা বাকি! দেবরাজের গ্রেফতারি নিয়ে বড় দাবি বিধায়ক তরুণজ্যোতির
ডিজিটাল ডেস্কঃ তৃণমূল নেতা তথা রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty) গ্রেফতার হয়েছেন বলে মঙ্গলবার রাতে জোর গুঞ্জন ছড়ালেও, সেই দাবি উড়িয়ে দিলেন বর্তমান বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। বুধবার তিনি স্পষ্ট জানান, দেবরাজ এখনও গ্রেফতার (Arrest) হননি। বরং তাঁর ঘনিষ্ঠ সহযোগী সমরেশ ওরফে ‘চিন্টু’কে পুলিশ গ্রেফতার করেছে।
তরুণজ্যোতির অভিযোগ, সমরেশ ছিল দেবরাজের ‘ক্লোজ হ্যান্ড’ (Close Hand) এবং তোলাবাজি (Extortion), প্রোমোটারকে মারধর, এমনকি বন্দুকের বাট দিয়ে হামলার মতো ঘটনায় জড়িত। তাঁর দাবি, “আজ ছোট তোলাবাজ ধরা পড়েছে, কাল আসল মাথা দেবরাজও গ্রেফতার হবে।”
বিজেপি বিধায়কের আরও অভিযোগ, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে গরু পাচার, কয়লা পাচার, চাকরি বিক্রি, বালি সিন্ডিকেট (Syndicate) এবং তোলাবাজির মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তিনি দাবি করেন, দেবরাজ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী।
এদিকে, দেবরাজের আরও এক ঘনিষ্ঠ অমিত চক্রবর্তী ওরফে ‘ননী’-কে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। প্রোমোটার কিশোর হালদারকে মারধর ও ৫০ লক্ষ টাকা তোলা দাবির অভিযোগে তাকে আদালতে তোলা হয়েছে। পুলিশের দাবি, এই মামলার তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তদন্ত জোরদার হয়েছে। এই আবহে দেবরাজ চক্রবর্তীকে ঘিরে রাজনৈতিক চাপ আরও বাড়ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

