বিনোদন
ফ্ল্যাট প্রতারণা মামলায় ইডির তলব, সিজিও কমপ্লেক্সে হাজির নুসরত জাহান
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে প্রথম দফার নির্বাচনের ঠিক আগের দিন, বুধবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) সামনে হাজিরা দিলেন অভিনেত্রী তথা বসিরহাটের প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরত জাহান। রাজারহাট এলাকায় ফ্ল্যাট দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণার (Flat Fraud Case) অভিযোগে তাঁকে তলব করা হয়েছিল। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ সঙ্গী যশ দাশগুপ্তকে নিয়ে ইডি দপ্তরে পৌঁছান তিনি।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ২০১৪-১৫ সালে একটি বেসরকারি আবাসন সংস্থার ডিরেক্টর (Director) থাকাকালীন প্রায় ৪ শতাধিক প্রবীণ নাগরিকের থেকে মাথাপিছু সাড়ে ৫ লক্ষ টাকা করে নেওয়ার অভিযোগ ওঠে নুসরত ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। প্রতিশ্রুতি অনুযায়ী ১০০০ বর্গফুটের ফ্ল্যাট তো দূরঅস্ত, আমানতকারীরা টাকাও ফেরত পাননি বলে অভিযোগ। যদিও নুসরতের দাবি, তিনি ওই সংস্থা থেকে ঋণ (Loan) নিয়েছিলেন এবং তা সুদসহ (Interest) মিটিয়ে দিয়েছেন।
এদিন হাজিরা দিতে আসার সময় অভিনেত্রীর চোখেমুখে উদ্বেগের ছাপ স্পষ্ট ছিল। প্রথমে তিনি দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন (Application) জানালেও, কেন্দ্রীয় সংস্থা তা খারিজ করে কলকাতায় হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। জানা গিয়েছে, একজন মহিলা অফিসারের উপস্থিতিতে বর্তমানে তাঁর বয়ান রেকর্ড করা হচ্ছে। ব্যাঙ্ক স্টেটমেন্ট ও আর্থিক লেনদেনের (Financial Transactions) বেশ কিছু নতুন তথ্যের ভিত্তিতেই এই জিজ্ঞাসাবাদ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


