‘জনতার দরবার’-এ চাকরিপ্রার্থীদের ভিড়! জট কাটাতে তৎপর মুখ্যমন্ত্রী শুভেন্দু
Connect with us

ভাইরাল খবর

‘জনতার দরবার’-এ চাকরিপ্রার্থীদের ভিড়! জট কাটাতে তৎপর মুখ্যমন্ত্রী শুভেন্দু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রশাসনিক পালাবদলের পর নতুন রাজনৈতিক আবহে পশ্চিমবঙ্গের (West Bengal) রাজনীতিতে অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ‘জনতার দরবার’ (Janatar Darbar)। সোমবার সকালে সল্টলেকের বিজেপি (BJP) দলীয় কার্যালয়ে চাকরিপ্রার্থীদের (Job Seekers) উপচে পড়া ভিড় সেই বার্তাই আরও স্পষ্ট করে দিল।

সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত আয়োজিত এই কর্মসূচিতে নিয়োগ দুর্নীতির শিকার, ২৬ হাজার চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মী, প্রাথমিক টেট (TET) উত্তীর্ণ, SLST চাকরিপ্রার্থী, নার্সিং নিয়োগপ্রার্থীদের সহ প্রায় ১৫টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার আশায় সকাল থেকেই দীর্ঘ লাইন পড়ে যায় দলীয় কার্যালয়ের বাইরে। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য বিশেষ রেজিস্ট্রেশন (Registration) ও টোকেন (Token) ব্যবস্থাও করা হয়। নম্বর অনুযায়ী সীমিত সংখ্যক প্রতিনিধিকে উপরে গিয়ে দেখা করার অনুমতি দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, শশী অগ্নিহোত্রী-সহ রাজ্য নেতৃত্বের একাংশ।

Advertisement
ads

চাকরিপ্রার্থীদের একাংশের বক্তব্য, আগের সরকারের আমলে বহুবার আবেদন জানিয়েও কোনও সাড়া মেলেনি। কিন্তু এখন সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরার সুযোগ পাচ্ছেন তাঁরা। অনেকেই জানিয়েছেন, শুভেন্দু তাঁদের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।

বিধানসভা নির্বাচনে নিয়োগ দুর্নীতি ছিল বিজেপির অন্যতম প্রধান ইস্যু। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত করতে পারে শুভেন্দু সরকার, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। বিশেষ করে ২৬ হাজার চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের আইনি জটিলতা কাটিয়ে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে।

Continue Reading
Advertisement