ভাইরাল খবর
‘সোনা পাপ্পুদের খপ্পরে জমি খুইয়ে এখন ভাড়ায় থাকি’! ‘জনতার দরবার’-এ হাজির ৮১ বছরের বৃদ্ধ
ডিজিটাল ডেস্কঃ পূর্ব ঘোষণা মতোই সোমবার সকালে সল্টলেকের বিজেপি কার্যালয়ে (Office) ফের মুখোমুখি হলেন সাধারণ মানুষ এবং রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সপ্তাহের প্রথম দিন সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ‘জনতার দরবার’ (Janatar Darbar) কর্মসূচিতে প্রায় পাঁচশোরও বেশি মানুষ নিজেদের একগুচ্ছ অভাব-অভিযোগ নিয়ে হাজির হয়েছিলেন।
এদিনের দরবারে সবথেকে করুণ ছবি নিয়ে হাজির হন ভবানীপুরের ৮১ বছর বয়সি বৃদ্ধ ড. প্রবীর বিশ্বাস (মুখোপাধ্যায়)। তাঁর অভিযোগ, সোনা পাপ্পু ও জয় এস কামদার নামের দুই প্রোমোটার তাঁর পৈতৃক জমি জালিয়াতি (Fraud) করে তাঁকে ঘরছাড়া করেছে। বর্তমানে স্ত্রীকে নিয়ে ভাড়াবাড়িতে থাকা এই বৃদ্ধ তাঁর এলাকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রীর আশ্বাসে স্বস্তি পেয়েছেন। পাশাপাশি, এসএসসি (SSC) মামলায় চাকরি হারানো ২৬ হাজার শিক্ষকের পক্ষে সুমন বিশ্বাস এবং কারিগরি শিক্ষার (Technical Education) দুর্নীতি নিয়ে সরব হন মলয় সিংহ রায়। সরকারি চাকরিতে অনাথদের সংরক্ষণ (Reservation) বহাল রাখার দাবি জানান সুচিত্রা দে।
শৃঙ্খলা বজায় রাখতে এদিন কড়া সিকিউরিটি চেকিং (Security checking), রেজিস্ট্রেশন ও টোকেন (Token) ব্যবস্থার মাধ্যমে একে একে সবার সমস্যা শোনেন মুখ্যমন্ত্রী। লকেট চট্টোপাধ্যায় ও শশী অগ্নিহোত্রীর উপস্থিতিতে ১৫টিরও বেশি সংগঠনের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস (Assurance) দিয়ে দুপুর ১২টা নাগাদ নবান্নের (Nabanna) উদ্দেশে রওনা দেন শুভেন্দু।


