ভাইরাল খবর
ফেব্রুয়ারিতে ফের বঙ্গ সফরে অমিত শাহ, বিজেপির অন্দরে প্রশ্ন
ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে (Assembly Election 2026) সামনে রেখে রাজ্য রাজনীতিতে ক্রমেই বাড়ছে তৎপরতা। শাসক থেকে বিরোধী—সব পক্ষই ময়দানে নেমে পড়েছে। বিজেপিও (BJP) ব্যতিক্রম নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহের ঘন ঘন বঙ্গ সফর রাজনৈতিক মহলে নতুন প্রশ্ন তুলছে।
সূত্রের খবর, চলতি ফেব্রুয়ারিতেই ফের পশ্চিমবঙ্গে আসছেন অমিত শাহ। উল্লেখযোগ্যভাবে, জানুয়ারির ৩০ তারিখেই কলকাতা সফরে এসেছিলেন তিনি। সেই সফরে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা (Leader of Opposition) শুভেন্দু অধিকারী এবং সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করেন। পরদিন ব্যারাকপুরে কর্মী সম্মেলনও করেন শাহ।
এবার জানা যাচ্ছে, ১৮ ফেব্রুয়ারি দু’দিনের জন্য তাঁর ফের বঙ্গ সফর (Bengal Visit)। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam) থাকায় কোনও প্রকাশ্য সভা করবেন না তিনি। পরিবর্তে রাজ্য বিজেপির (State BJP) শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠকেই জোর দেওয়া হবে। ছাব্বিশের রণকৌশল (Strategy) নিয়েই আলোচনা হবে বঙ্গ ব্রিগেডের সঙ্গে।
এর মধ্যেই দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি (National President) জে পি নাড্ডার সঙ্গে বাংলার বিজেপি সাংসদদের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সেখানে স্পষ্ট নির্দেশ—মঞ্চ নয়, মানুষের ভিড়ে নামতে হবে। এই আবহেই শাহের ফের সফর বিজেপির সাংগঠনিক প্রস্তুতির দিকেই ইঙ্গিত দিচ্ছে।
