রাজ্যের খবর
মেসিকাণ্ডে এবার থার্ড নোটিস! ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দিতেই হবে অরূপকে
ডিজিটাল ডেস্কঃ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে চরম অব্যবস্থা ও আর্থিক দুর্নীতির (Financial Fraud) অভিযোগে এবার আরও কোণঠাসা রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আদালতের কড়া নির্দেশের পর ‘মেসি গোট ট্যুর’ (Messi Goat Tour Case) মামলায় প্রাক্তন মন্ত্রীকে ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরার নির্দেশ দিয়ে তৃতীয় নোটিস (Notice) পাঠাল বিধাননগর দক্ষিণ থানা।
এর আগে অসুস্থতার দোহাই দিয়ে দু’বার হাজিরা (Appearance) এড়ালেও কোনো চিকিৎসা সংক্রান্ত নথি জমা দেননি অরূপ। উপরন্তু গ্রেফতারির আশঙ্কায় বর্তমানে তিনি নিখোঁজ বা গা ঢাকা দিয়ে রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) দ্বারস্থ হয়ে তিনি ১৭ অগস্ট পর্যন্ত আইনি রক্ষাকবচ (Legal Protection) পেলেও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ব্যাপক ভর্ৎসনার মুখে পড়েন। আদালত সাফ জানায়, তদন্তে কোনো স্থগিতাদেশ (Stay Order) দেওয়া হবে না এবং পুলিশ ডাকলে হাজিরা দিতেই হবে।
আইনি স্বস্তির পাশাপাশি প্রাক্তন মন্ত্রীর ওপর একগুচ্ছ কড়া শর্ত চাপিয়েছে উচ্চ আদালত। অরূপ বিশ্বাসকে অবিলম্বে তাঁর পাসপোর্ট তদন্তকারী আধিকারিকের (Investigating Officer) কাছে জমা রাখতে হবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি নিজের থানা এলাকার বাইরে যেতে পারবেন না।
ইভেন্টের আয়োজক শতদ্রু দত্তের দায়ের করা এফআইআর-এ (FIR) টিকিটের কালোবাজারি (Ticket Black Marketing), চাঁদাবাজি এবং অপরাধমূলক ভীতি প্রদর্শনের মতো গুরুতর অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই অরূপের ভাই স্বরূপ বিশ্বাস অন্য একটি মামলায় গ্রেফতার হয়েছেন। এবার কড়া শর্তের বেড়াজালে ‘বন্দি’ প্রাক্তন ক্রীড়ামন্ত্রী আদালতের নির্দেশ মেনে নির্ধারিত সময়ে থানায় হাজিরা দেন কি না, সেটাই এখন দেখার।
