ভারতীয় রেল
গঙ্গাসাগর মেলাকে ঘিরে পুণ্যার্থীর ঢল! যাত্রীচাপ সামলাতে শিয়ালদহ ডিভিশন বাড়াল ট্রেন
ডিজিটাল ডেস্কঃ গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) শুরু হতেই সাগরতটমুখী পূণ্যার্থীদের ঢল চোখে পড়ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, দেশ-বিদেশ থেকেও লক্ষ লক্ষ মানুষ পুণ্যস্নানের উদ্দেশ্যে ভিড় জমাচ্ছেন। ফলে নামখানা ও কাকদ্বীপ রুটে যাত্রীচাপ (Passenger Rush) ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে যাত্রীস্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেন পরিষেবা আরও বাড়াল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন (Sealdah Division)।
রেল সূত্রে জানা গিয়েছে, গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে আগেই ২৩টি বিশেষ ও বাড়তি ট্রেন (Special Train) চালু করা হয়েছিল। তবে গত কয়েক দিনে যাত্রীসংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় মঙ্গলবার আরও ৪টি অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে গঙ্গাসাগরমুখী মোট ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭-এ। প্রতিটি ট্রেনে গড়ে আড়াই হাজারের বেশি যাত্রী যাতায়াত করছেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
নতুন সংযোজিত ট্রেনগুলি মূলত শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল, যেগুলি নামখানা পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। ট্রেনগুলির সময়সূচি সকাল ৮টা ১৫, ১১টা ২ মিনিট, দুপুর ১২টা ৫০ এবং বিকেল ৩টা ৫০ মিনিট। এতে শিয়ালদহ থেকে নামখানা (Namkhana Route) পর্যন্ত যাত্রা কিছুটা হলেও স্বস্তিদায়ক হবে বলে আশা।
শিয়ালদহের ডিআরএম (DRM) রাজীব সাক্সেনা জানান, গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ইন্টিগ্রেটেড হেল্প ডেস্ক (Integrated Help Desk), চিকিৎসা সহায়তা (Medical Aid) ও পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে। তাঁর কথায়, “পুণ্যার্থীদের যাত্রা যেন নিরাপদ ও নির্বিঘ্ন হয়, সেটাই আমাদের অগ্রাধিকার।”
মেলার দিন যত এগোবে, ভিড় আরও বাড়বে বলেই আশঙ্কা। সেই চাপ সামলাতে রেল ও প্রশাসন যৌথভাবে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।
