স্বাস্থ্য
হাতে কালশিটে কেন? অসুস্থতার গুঞ্জন উড়িয়ে কী বললেন ডোনাল্ড ট্রাম্প
ডিজিটাল ডেস্কঃ ফের অসুস্থতা নিয়ে জল্পনার কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সম্প্রতি ফ্লোরিডায় (Florida) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelenskyy) সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্পের ডান হাতের একটি বড় অংশ অস্বাভাবিক ভাবে সাদা দেখা যায়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হতেই শুরু হয় নানা জল্পনা। একাংশের দাবি ছিল, অসুস্থতার কারণে হাতে কালশিটে পড়েছে ট্রাম্পের, আর তা ঢাকতেই চড়া মেকআপ ব্যবহার করেছেন তিনি।
তবে এই সব দাবি সরাসরি খারিজ করে দিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট। একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “এই নিয়ে বারবার আমার শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আমি সম্পূর্ণ সুস্থ।” তাঁর বক্তব্য, নিয়মিত অ্যাসপিরিন (Aspirin) খাওয়ার কারণেই হাতে কালশিটে পড়ে। এই ওষুধ রক্ত পাতলা রাখতে সাহায্য করে, যাতে হৃদপিণ্ডে (Heart) ঘন রক্তপ্রবাহ না হয়।
ট্রাম্প আরও জানান, কালশিটে দেখা গেলে কখনও মেকআপ করেন, কখনও আবার ব্যান্ডেজ (Bandage) ব্যবহার করেন। তাঁর দাবি, সম্প্রতি অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির (Pam Bondi) সঙ্গে করমর্দনের সময় বন্ডির আংটির আঘাতে হাতে ক্ষত হয়, সেই কারণেই ব্যান্ডেজ পরতে হয়েছে।
উল্লেখ্য, ডিসেম্বরের শুরুতেও ট্রাম্পের ডান হাতে কালশিটে দেখা গিয়েছিল। তখন হোয়াইট হাউসের (White House) মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছিলেন, প্রতিদিন বহু মানুষের সঙ্গে করমর্দনের কারণেই এমনটা হয়। এবার সেই ব্যাখ্যাতেই সিলমোহর দিলেন খোদ প্রেসিডেন্ট।


