ভাইরাল খবর
খসড়া ভোটার তালিকা প্রকাশ! আপনার নাম আছে তো? জানুন সহজে দেখার উপায়
ডিজিটাল ডেস্কঃ বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR) প্রক্রিয়া শেষে মঙ্গলবার, ১৬ ডিসেম্বর প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা (Draft Voter List)। নির্বাচন কমিশনের (Election Commission of India – ECI) নির্দিষ্ট ওয়েবসাইট ও অ্যাপে এই তালিকা দেখা যাচ্ছে। এনুমারেশন ফর্ম (Enumeration Form) জমা দেওয়ার পর কার নাম তালিকায় উঠেছে, কে বাদ পড়েছেন, মৃত (Deceased), স্থানান্তরিত (Shifted), নিখোঁজ (Missing), ডুপ্লিকেট (Duplicate) এমনকি ‘ভূতুড়ে’ ভোটার (Ghost Voter) — সব তথ্যই মিলছে এই খসড়া তালিকায়।
কমিশনের তথ্য অনুযায়ী, খসড়া তালিকা থেকে মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জন ভোটারের নাম বাদ পড়েছে। এর মধ্যে নিখোঁজ ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন, অনুপস্থিত (Absent) ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন, মৃত ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন, ডুপ্লিকেট ১ লক্ষ ৩৮ হাজার এবং ‘ভূতুড়ে’ ভোটার ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮ জন।
কীভাবে দেখবেন নিজের নাম?
ভোটাররা অনলাইনে ceowestbengal.wb.gov.in/SIR বা electoralsearch.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে EPIC Number ও রাজ্যের নাম দিয়ে সার্চ করতে পারবেন। ক্যাপচা (Captcha) পূরণ করে SEARCH-এ ক্লিক করলেই জানা যাবে নাম রয়েছে কি না।
এছাড়া কমিশনের অ্যাপ ECINET খুলে ‘Search Your Name in Voter List’ অপশনে গিয়ে ‘Voter ID/EPIC’ নম্বর দিলেও একই তথ্য পাওয়া যাবে। অফলাইনে নিজের বুথের বিএলও (BLO) বা রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট (BLA)-এর কাছেও খসড়া তালিকা দেখা যাবে।
কমিশন জানিয়েছে, ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আপত্তি ও অভিযোগ (Claims & Objections) গ্রহণ করা হবে। প্রয়োজন হলে শুনানি (Hearing) হবে। সব প্রক্রিয়া শেষে ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List)। খসড়া তালিকায় নাম না থাকলেও সঠিক নথি থাকলে ফর্ম-৬ (Form-6: Name Inclusion) পূরণ করে আবেদন করা যাবে।
