ভোটের খবর
এলাকায় খুঁজে না পেয়ে ভোটারদের নিয়ে পাবলিক নোটিস বিএলওর
ডিজিটাল ডেস্কঃ এসআইআর (SIR) কার্যক্রম ঘিরে ভোটার তালিকায় (Voter List) নাম থাকা–না-থাকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে তীব্র প্রশ্ন। বাড়িতে খুঁজেও কোনও ভোটারকে পাওয়া না গেলে কী করা হবে—নানা সংশয় চলছিলই। এবার চাঁপদানী (Champdani)-তে সেই জটিল পরিস্থিতি সামনে আনলেন বিএলও (BLO) নিজে। তিনবার এলাকায় গিয়ে ভোটারদের না পেয়ে শেষ পর্যন্ত সর্বসমক্ষে পাবলিক নোটিস (Public Notice) টাঙিয়ে জানিয়ে দিলেন তাঁদের সন্ধান মিলছে না।
জানা গেছে, চাঁপদানী বিধানসভার ১১১ নম্বর বুথে ২৫ জন এবং ১১২ নম্বর বুথে ৩০ জন ভোটারকে চিহ্নিত করতে ব্যর্থ হন বিএলওরা। বৈদ্যবাটি (Baidyabati) পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে এনুমারেশন ফর্ম (Enumeration Form) বিলি করতে গিয়েও বহু ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও ভোটারকে খুঁজে না পেলে এলাকায় নোটিস দেওয়ার বিধান থাকায় সেই নির্দেশ মেনেই নোটিস টাঙিয়ে দেন সংশ্লিষ্ট বিএলওরা।
বিএলওদের সঙ্গে থাকা বিএলএ (BLA)-রাও ভোটারদের সম্পর্কে কোনও খোঁজ পাননি। স্থানীয়দের দাবি—যদি প্রকৃত ভোটার হন, তবে অন্তত পরিবারের সদস্যদের কেউ না কেউ এলাকায় থাকবেন। কিন্তু এবার সেই সম্ভাবনাও মিলেনি। অনেকেই বলছেন, এসআইআর প্রক্রিয়ায় প্রকৃত ভোটারদের নাম বজায় রাখা এবং ভুয়ো ভোটারদের (Fake Voter) তালিকা থেকে বাদ দেওয়া জরুরি।
এদিকে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভায় মৃত ভোটারের নাম বাদ না দেওয়া নিয়েও বিজেপি অভিযোগ তোলে। অভিযোগ ছিল, শাসকদল নাকি ভোটার তালিকা থেকে নাম বাদ না দেওয়ার জন্য বিএলওদের ওপর চাপ সৃষ্টি করছে। অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক দল ফলতা পরিদর্শন করে। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানান, খসড়া তালিকা প্রকাশের পর সফটওয়্যার (Software) এবং শুনানির মাধ্যমে আরও যাচাই করা হবে।


