প্রতারণা
কাজের আশায় ভারতে এসে দালালের প্রতারণার শিকার বাংলাদেশি দম্পতি
ডিজিটাল ডেস্কঃ কাজের প্রলোভনে (Job Temptation) সীমান্ত পেরিয়ে ভারতে এসে এক দালালের প্রতারণার (Fraud) শিকার হলেন বাংলাদেশি দম্পতি রমজান খান ও রুমানা খাতুন। সংসার চালাতে দেশে কাজ মিলছিল না। ঠিক সেই সময় এক দালাল জানান—ভারতে এলে গাড়ির চালকের (Driver Job) ভালো কাজ পাইয়ে দেওয়া হবে। দালালের কথায় বিশ্বাস করে তিন বছর বয়সি শিশুকে নিয়ে তাঁরা বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেন। সীমান্ত পেরোনো ও কাজের ব্যবস্থার জন্য দালালকে আগাম ২০ হাজার টাকা দেওয়া হয়েছিল।
অভিযোগ, ভারতে আনার পর সোমবার রাতে কোনও নদীর ধারে দম্পতিকে বসিয়ে রেখে খাবার আনার অজুহাতে দালাল চম্পট দেয়। সারা রাত অপেক্ষা করেও আর কোনও খোঁজ না মেলায় তারা বিপদ বুঝে স্থানীয় থানায় পৌঁছতে চেষ্টা করেন। মঙ্গলবার তেহট্ট ছিন্নমস্তা মন্দির এলাকার আশপাশে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। কথা বলে জানা যায়—তাঁরা বাংলাদেশি (Bangladeshi Nationals)। এরপরই খবর যায় তেহট্ট থানায়। পুলিশ এসে দম্পতিকে উদ্ধার করে হেফাজতে নেয়।
রমজান জানান, দালালকে ভালোভাবে চিনতেন না। সংসার সামলাতে বেশি বেতনের আশায় ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, “বেকায়দায় পড়েছি। দেশে ফিরতেই চাই। তাই থানার খোঁজ করছিলাম।” পুলিশ সূত্রে জানা গেছে, দম্পতির বক্তব্য নথিভুক্ত করা হয়েছে। তাঁরা বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।
বর্তমানে পুলিশ বিএসএফের (BSF) সঙ্গে যোগাযোগ করছে, তাঁদের পুশব্যাক (Pushback) করা সম্ভব কি না, সে বিষয়ে আলোচনাও চলছে। দালালচক্র সম্পর্কে তদন্তও শুরু করেছে পুলিশ।


