বিনোদন
বিষ খাইয়ে খুনের ষড়যন্ত্র! জুবিনের মৃত্যুকে ঘিরে উঠল নতুন অভিযোগ
ডিজিটাল ডেস্কঃ জনপ্রিয় গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) ময়নাতদন্ত রিপোর্ট (Post Mortem) ইতোমধ্যে সিঙ্গাপুর পুলিশ (Singapore Police)-এর হাতে হস্তান্তর করা হয়েছে। তবুও তাঁর মৃত্যুর কারণ নিয়ে রহস্য অব্যাহত রয়েছে। আর এই রহস্য আরও গভীর হয়েছে কারণ জুবিনের মৃত্যু নিয়ে ব্যান্ডের একজন সদস্য শেখর জ্যোতি গোস্বামী (Shekhar Jyoti Goswami) বিস্ফোরক অভিযোগ করেছেন।
গোস্বামী জানান, জুবিনকে ‘বিষ’ (Poison) খাইয়ে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেন, শিল্পীর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা (Siddharth Sharma) ও সিঙ্গাপুরের অনুষ্ঠানের উদ্যোক্তা শ্যামকানু মহান্ত (Shyamkanu Mohanta) এই পরিকল্পনায় জড়িত। তাঁরা দুর্ঘটনা বলে ঘটনাটি ঢেকে রাখতে চেয়েছেন।
গোস্বামীর বক্তব্য অনুযায়ী, সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক হোটেলে (Pan Pacific Hotel) সিদ্ধার্থ শর্মার আচরণ ছিল সন্দেহজনক। ঘটনার দিন ইয়টে (Yacht) বেড়াতে গিয়ে তিনি জোরপূর্বক নৌকাটি নিয়ন্ত্রণ নেন, যা মাঝ সমুদ্রে বিপজ্জনকভাবে দোলানো শুরু করে। এছাড়াও, তিনি সিঙ্গাপুরে থাকা অসম অ্যাসোসিয়েশনের সদস্য তন্ময় ফুকনকে (Tanmay Fukon) জানিয়েছিলেন যে পানীয়ের ব্যবস্থা তিনি নিজেই করবেন, অন্য কাউকে আনতে হবে না।
গোস্বামী আরও বলেন, জুবিন একজন দক্ষ সাঁতারু (Swimmer) ছিলেন, এমনকি তিনিই তাঁদের প্রশিক্ষণ দিয়েছিলেন। তাই তাঁর ডুবে মারা যাওয়া অসম্ভব। সেই কারণে গোস্বামীর অভিযোগ অনুসারে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
শর্মা ও মহান্তকে সন্দেহের চোখে দেখছে পুলিশও। গোস্বামীর দাবি, সিঙ্গাপুরকে তদন্তের জটিলতা বাড়ানোর জন্য ইচ্ছে করেই নির্বাচন করা হয়েছিল। তাছাড়া, ইয়টের কোনো ভিডিও অন্য কারও সঙ্গে ভাগ না করার নির্দেশও দিয়েছিলেন শর্মা।
ঘটনার সময় জুবিনের মুখ ও নাক থেকে ফেনা বের হতে দেখা গেলেও শর্মা বলেছিলেন, “এটি অ্যাসিড রিফ্লাক্স (Acid Reflux), চিন্তার কিছু নেই।” ফলে তৎক্ষণাৎ চিকিৎসা না পাওয়ায় জুবিনের মৃত্যু ত্বরান্বিত হয় বলে মনে করছেন গোস্বামী।
২ অক্টোবর, অসম পুলিশের সিআইডি জুবিনের দুই ঘনিষ্ঠ সহযোগী, সহ-সঙ্গীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামী ও সহ-গায়িকা অমৃতপ্রভা মহন্তকে (Amritaprabha Mohanta) গ্রেফতার করে। এর আগে, নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের মুখ্য আয়োজক শ্যামকানু মহন্ত ও ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকেও গ্রেফতার করা হয়।
অসম জুড়ে শোকের ছায়া বিরাজ করছে। অনুরাগীরা জুবিনের অকালপ্রয়াণ নিয়ে সন্দেহ ও প্রশ্ন তুলছেন। তাঁর স্ত্রী গরিমা (Garima) প্রকাশ করেছেন আশঙ্কা, কেন ক্লান্ত থাকার পরও তাঁকে পিকনিক ও সাঁতারের জন্য নেওয়া হয়েছিল? স্বাস্থ্যের প্রতি যথাযথ যত্ন নেওয়া হয়নি কি?


