ভাইরাল খবর
“বিজেপি করব অনুমানে নয়”— ভবিষ্যৎ নিয়ে জল্পনায় স্পষ্ট জবাব দিলীপ ঘোষ
ডিজিটাল ডেস্কঃ রাজ্য বিজেপির (BJP West Bengal) অন্দরে একসময় দাপটের সঙ্গে সক্রিয় ছিলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তবে সাম্প্রতিক সময়ে তাঁকে ঘিরে প্রশ্ন উঠছে— তিনি কি দলের কৌশলগত সিদ্ধান্ত থেকে ক্রমশই আড়ালে চলে যাচ্ছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) একাধিক সভায় আমন্ত্রণ না মেলায় জল্পনা আরও জোরদার হয়েছে। রাজনৈতিক মহলের দাবি, বিজেপির ভবিষ্যৎ পরিকল্পনায় কি তিনি আর অগ্রাধিকার পাচ্ছেন না?
এ প্রসঙ্গে দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়েছেন, “আমরা রাজনীতি করি অনুমানের ভিত্তিতে নয়। আমাদের দলে সিস্টেম আছে। প্রার্থী ঠিক করে সংসদীয় কমিটি।” একইসঙ্গে তিনি দাবি করেন, এতদিন দল যে দায়িত্ব দিয়েছে, নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। ভবিষ্যতেও যে দায়িত্ব দেওয়া হবে, সেটাই তিনি করবেন।
খড়্গপুর (Kharagpur) আসন থেকেই লড়াই করার ইঙ্গিত দেন দিলীপ। তাঁর কথায়, “আমি ওখানকার ভোটার ও সক্রিয় সদস্য। লড়লে সেখান থেকেই লড়ব।” তবে আপাতত নিউটাউন (Newtown) তাঁর স্থায়ী ঠিকানা বলেই উল্লেখ করেছেন তিনি। সংগঠনের শক্তি খড়্গপুরে যথেষ্ট মজবুত বলেই দাবি করেন প্রাক্তন রাজ্য সভাপতি।
তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দিলীপ ঘোষের বক্তব্যে এক ধরনের আক্ষেপও ধরা পড়ছে। প্রধানমন্ত্রী মোদীর সভা কার্যত ফাঁকা থাকার কারণ হিসেবে তিনি সরাসরি দলবদলু নেতাদের নাম নিয়ে তোপ দেগেছেন। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) থেকে তাপস রায় (Tapas Roy), অর্জুন সিং (Arjun Singh)– সবাইকে নিশানা করে দিলীপ বলেন, “এঁরা বিজেপি নন, এঁদের বিরুদ্ধেই তো বিজেপি লড়েছে।”
অর্থাৎ, নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্যে নিশ্চিন্ত ভঙ্গি দেখালেও দলের অভ্যন্তরে তাঁর অবস্থান ঘিরে জল্পনার পারদ যে ক্রমশ চড়ছে, তা নিয়ে সংশয় নেই।


