ভাইরাল খবর
আরজি করের নির্যাতিতা চিকিৎসকের বাবার বিরুদ্ধে এবার আদালতে কুণাল ঘোষ
ডিজিটাল ডেস্কঃ আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় ফের নতুন মোড়। নির্যাতিতার বাবার বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। জানা গিয়েছে, ব্যাঙ্কশাল আদালতে তিনি মানহানির মামলা দায়ের করেছেন।
গতবছর ৯ অগস্ট হাসপাতালে ডিউটির সময় মর্মান্তিকভাবে খুন হন এক ট্রেনি চিকিৎসক। প্রথমে কলকাতা পুলিশ তদন্তে নামে, পরে তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। তবে তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন নির্যাতিতার পরিবার। বিশেষত নির্যাতিতার বাবার অভিযোগ ছিল— সিবিআই টাকা খেয়ে তদন্তে গাফিলতি করছে এবং সেই অর্থ দিয়েছে রাজ্য সরকার। তাঁর অভিযোগে নাম জড়ায় কুণাল ঘোষেরও।
নির্যাতিতার পরিবারের দাবি, কুণাল ঘোষ নাকি রাজ্য সরকারের হয়ে সিবিআইয়ের সঙ্গে বোঝাপড়া করেছেন। এই মন্তব্যের পরই ক্ষুব্ধ কুণাল ঘোষ আইনি নোটিশ পাঠান। অবশেষে এবার তিনি আদালতে সরাসরি মামলা দায়ের করলেন।
প্রসঙ্গত, ঘটনার এক বছর পূর্ণ হওয়ার দিন প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন নির্যাতিতার মা-বাবা। সেই সময় পুলিশের লাঠিচার্জে নির্যাতিতার মায়ের মাথায় আঘাত লাগে বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার পর থেকেই পরিবার ও কুণাল ঘোষের মধ্যে মতবিরোধ তীব্র হয়। পরে একটি ভিডিয়োকে কেন্দ্র করে আরও বিতর্ক তৈরি হয়। কুণাল ঘোষ দাবি করেন, ভিডিয়োটি নির্যাতিতার বাবার অনুরোধেই তিনি পাঠিয়েছিলেন। কিন্তু নির্যাতিতার বাবা অভিযোগ করেন, কুণাল জোর করে তা ছড়িয়েছেন।
এই পারস্পরিক অভিযোগ-প্রতিযোগিতার মাঝেই এখন নতুন করে আইনি লড়াই শুরু হল। কুণাল ঘোষের মামলা ঘিরে আগামী দিনে কী সিদ্ধান্ত নেয় আদালত, সেদিকে নজর থাকবে রাজ্যের রাজনৈতিক মহল ও চিকিৎসক মহলের।


