কলকাতা
আরজি কর মামলার বর্ষপূর্তি ঘিরে নবান্ন অভিযান, তামান্নার পরিবারও পথে
ডিজিটাল ডেস্কঃ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসক-ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় এক বছর পূর্তিতে রাজ্যজুড়ে নতুন করে প্রতিবাদের ঢেউ উঠেছে।আজ ৯ অগস্ট, শনিবার কলকাতার বিভিন্ন প্রান্তে মিছিল, বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি করা হয়েছে। নির্যাতিতার বাবা-মা নবান্ন অভিযানের (Nabanna Abhijan) আহ্বান জানিয়েছেন, যার প্রতি সমর্থন জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও বিজেপির (BJP) রাজ্য নেতৃত্ব। পাশাপাশি, চিকিৎসকদের একাংশ কালীঘাট অভিযানের (Kalighat Abhijan) ডাক দিয়েছেন।
এদিন নদিয়ার পলাশী স্টেশন থেকে সিপিএম (CPIM) সমর্থকদের সঙ্গে কলকাতার উদ্দেশে রওনা দেন কালীগঞ্জের তামান্নার বাবা-মা। চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না তৃণমূলের বিজয় উল্লাস চলাকালীন বোমাবাজির ঘটনায় প্রাণ হারিয়েছিল। পরিবারের অভিযোগ, এক বছরেরও বেশি সময় কেটে গেলেও অধিকাংশ অভিযুক্ত এখনও গ্রেপ্তার হয়নি। তামান্নার মা জানান, মেয়ের হত্যার বিচার আদায়ের দাবিতে তিনি নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে নবান্ন অভিযানে হাঁটবেন।
প্রসঙ্গত, প্রাক্তন তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর পর তাঁর মেয়ে আলিফা কালীগঞ্জের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হন। ১৯ জুন ভোট ও ২৩ জুন গণনার পর শাসকদলের জয়ের আনন্দ মিছিল থেকে সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে সকেট বোমা ছোড়ার অভিযোগ ওঠে, যাতে প্রাণ হারায় তামান্না।
এদিকে, হাওড়া সিটি পুলিশ শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়েছে। মাইকিং করে জানানো হচ্ছে— কোনওভাবেই ব্যারিকেড ভাঙা যাবে না এবং আদালতের নির্দেশ মেনে প্রতিবাদ কর্মসূচি পালন করতে হবে। নির্দেশ লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে পুলিশ।
