রাজনীতি
ভোটের মুখে বিহারে ভোটার তালিকা সংশোধন ঘিরে বিতর্ক, সুপ্রিম কোর্টে একাধিক মামলা
ডিজিটাল ডেস্কঃ বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে রাজনৈতিক উত্তেজনার আবহে একাধিক আবেদন দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’-এর বিরুদ্ধে মামলাকারীদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) সহ একাধিক ব্যক্তি। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি সুধাংশু ধুলিয়া (Justice Sudhanshu Dhulia) ও বিচারপতি জয়মাল্য বাগচীর (Justice Joymalya Bagchi) ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করে জানায়, “পদ্ধতিগত দিক নিয়ে ততটা আপত্তি নেই, সমস্যা সময় নির্বাচন নিয়ে।”
সুপ্রিম কোর্টে আবেদনকারীদের পক্ষে আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ জানান, তাঁরা নির্বাচন কমিশনের (Election Commission) ক্ষমতার বিরুদ্ধে আপত্তি করছেন না, বরং বিহারে এই ক্ষমতার প্রয়োগ যে উপায়ে করা হচ্ছে তা নিয়েই আপত্তি। অপর এক আইনজীবী, কংগ্রেস সাংসদ ও প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি (Abhishek Manu Singhvi) আদালতকে জানান, “এই রকম সিদ্ধান্তের ফলে একজন উপযুক্ত ভোটারও যদি ভোটাধিকার থেকে বঞ্চিত হন, তা হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।”
আরও পড়ুনঃ বিধানসভা ২০২৬ লক্ষ্য করে ‘পুরনো সৈনিক’কে ফের ময়দানে আনতে চায় বিজেপি?
বিচারপতিরা জানান, বিহারে ভোট খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। এখন এই তালিকা সংশোধনের ফলে কারও নাম বাদ গেলে তিনি যথাযথ সময়ে তা চ্যালেঞ্জ করে ফিরিয়ে আনার সুযোগ নাও পেতে পারেন। ফলে সময় নির্বাচন ঘিরেই মূল আপত্তি।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, অনুপ্রবেশকারী ও অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দিতে ১১টি নির্দিষ্ট নথির ভিত্তিতে পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। বিরোধীদের দাবি, এই সিদ্ধান্ত নির্বাচনের ঠিক মুখে নেওয়ায় বহু বৈধ ভোটারের নামও মুছে যাওয়ার আশঙ্কা রয়েছে। মামলার পরবর্তী শুনানি শুক্রবার।
