ভাইরাল খবর
ঠাকুরের ছবির আড়ালে গাঁজা পাচার! পুলিশের জালে তিন মাদক কারবারি
ডিজিটাল ডেস্কঃ বীরভূমে (Birbhum) মাদক চক্রের বিরুদ্ধে ফের সাফল্য পেল পুলিশ। ফিল্মি কায়দায় ঠাকুরের ছবির পিছনে লুকিয়ে পাচার হচ্ছিল গাঁজা (Ganja)। আর সেই পাচারের ছক বানচাল করে দিল রামপুরহাট থানার (Rampurhat Police Station) কর্তারা। শুক্রবার রাতে তিন জন দুষ্কৃতীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দু’জন স্থানীয় এবং একজন ভিনরাজ্যের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, বহরমপুর (Behrampore) থেকে ঝাড়খণ্ডগামী (Jharkhand) একটি বেসরকারি বাসে চেপে রওনা দেয় অভিযুক্তরা। গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ হানা দেয় বাসে। সেখানেই তিন অভিযুক্তকে ধরে ফেলে তারা। জিজ্ঞাসাবাদে উঠে আসে বিস্ফোরক তথ্য— একাধিক ঠাকুরের ফ্রেমে ঢুকিয়ে পাচার করা হচ্ছিল গাঁজা! একাধিক ব্যাগ ভর্তি ঠাকুরের ছবি বাজেয়াপ্ত করেছে পুলিশ, যার ভিতরে লুকানো ছিল বিপুল পরিমাণ মাদক।
আরও পড়ুনঃ ‘আমার পরিবার বিজেপি পরিবার’! তৃণমূল বিধায়ককে ঘিরে বিতর্কে উত্তাল রায়গঞ্জ
প্রাথমিক অনুমান, এই গাঁজা পাচার হচ্ছিল দেওঘরের (Deoghar) শ্রাবণী মেলাকে (Shravani Mela) কেন্দ্র করে। সেই মেলায় বিভিন্ন রাজ্য থেকে আসেন বহু সাধু-সন্ত, যাঁদের মধ্যে কেউ কেউ গাঁজা সেবন করেন। সেই সুযোগেই পাচারের পরিকল্পনা করেছিল চক্রটি।
বীরভূমের পুলিশ সুপার আমনদীপ (SP Amandeep) জানিয়েছেন, “বহরমপুর থেকে ঝাড়খণ্ড পর্যন্ত যে রুট ধরে মাদক পাচার হচ্ছে, সেখানে কড়া নজরদারি চালানো হচ্ছে। ধৃতদের রামপুরহাট থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে।”
উল্লেখ্য, কয়েকদিন আগেই নলহাটি থানার (Nalhati Police Station) অন্তর্গত এলাকায় ঝাড়খণ্ডের বাস থেকে সাড়ে ২২ কেজি গাঁজা উদ্ধার হয়েছিল। গ্রেপ্তার হয়েছিলেন ঝাড়খণ্ডের বাসিন্দা নিয়াজ শেখ। পরপর দুই ঘটনায় ফের স্পষ্ট, এই সীমান্ত রুটে মাদক পাচারকারী চক্র ফের সক্রিয় হয়ে উঠেছে। তদন্তে আরও তথ্য সামনে আসার অপেক্ষা।
