রাজনীতি
চিকিৎসকের সঙ্গে দেখা করতে গিয়ে আটক বিজেপি সভাপতি সুকান্ত
ডিজিটাল ডেস্কঃ শুক্রবার দুপুরে হরিশ মুখার্জি রোডে (Harish Mukherjee Road) ঘটে গেল চরম নাটকীয় ঘটনা। এক প্রতিবাদী চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে পুলিশের হাতে আটকে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। ঘটনাস্থল হয়ে ওঠে উত্তপ্ত, তৈরি হয় ধস্তাধস্তির পরিস্থিতিও।
সুকান্ত মজুমদারের অভিযোগ, তিনি কলকাতার চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়ের (Dr. Rajatshubhra Bandyopadhyay) বাড়িতে দেখা করতে গিয়েছিলেন। সেই সময় কলকাতা পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসক বাড়িতে নেই। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রজতশুভ্র নিজেই বাড়ি থেকে বেরিয়ে এসে সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করেন। এরপর দু’জনে কথাবার্তা শুরু করতেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে শুরু হয় তুমুল বাকবিতণ্ডা।
আরও পড়ুনঃ প্রেম, বিচ্ছেদ পেরিয়ে ফের বড় পর্দায় দেব-শুভশ্রী, মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’
পুলিশের পক্ষ থেকে সুকান্ত মজুমদারকে এলাকা ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করা হয়। কিন্তু রাজ্য সভাপতি তা মানতে অস্বীকার করেন। এরপর ভবানীপুর থানার পুলিশ (Bhawanipore Police) তাঁকে আটক করে। শুধু সুকান্ত নন, পুলিশের জালে আটক হন চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক।
ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য নেতৃত্বের অভিযোগ, রাজ্যে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। একজন চিকিৎসকের সঙ্গে দেখা করাও এখন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। সুকান্ত মজুমদার জানিয়েছেন, “সরকার বিরোধী কণ্ঠস্বরকে দমন করতে তৃণমূল পুলিশকে সামনে ঠেলছে। আমি একজন সাধারণ নাগরিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কীসের এত ভয়?”
পুলিশ সূত্রের খবর, আইনশৃঙ্খলার পরিস্থিতি বজায় রাখতেই আটক করা হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সুকান্ত মজুমদার এবং বাকিদের ছেড়ে দেওয়া হবে।
সামনেই গুরুত্বপূর্ণ নির্বাচন, তার আগেই বিজেপি বনাম রাজ্য পুলিশের এই সংঘাত ঘিরে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে।
