রাজ্যের খবর
দিল্লির এইমসে ভর্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, গুরুতর অসুস্থ বিজেপি সাংসদ
ডিজিটাল ডেস্কঃ গুরুতর অসুস্থ তমলুকের বিজেপি সাংসদ (BJP MP) ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সেপসিস (Gastrointestinal Sepsis) নামে ভয়ঙ্কর সংক্রমণে আক্রান্ত তিনি। বর্তমানে দিল্লির এইমস (AIIMS Delhi)-এ চিকিৎসাধীন রয়েছেন অভিজিৎবাবু।
সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতা থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে দ্রুত দিল্লি নিয়ে যাওয়া হয়। সেখানেই রাতেই ভর্তি করা হয় এইমসের ১৮ নম্বর কেবিনে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনা করে বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ শুধুমাত্র ভারতের জন্য আকাশসীমা খুলল ইরান, শুরু ‘অপারেশন সিন্ধু’
এইমস সূত্রে জানা গিয়েছে, প্রবীণ সাংসদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। শরীরে সংক্রমণের মাত্রা, শারীরিক জটিলতা ও প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে বিশদ আলোচনা করছেন চিকিৎসকরা।
শুক্রবার সন্ধ্যায় এইমসের তরফে জানানো হয়েছে, চিকিৎসায় ইতিমধ্যেই সাড়া দিচ্ছেন ৬৩ বছরের এই সাংসদ। তবে তিনি এখনও পর্যাপ্ত পর্যবেক্ষণে রয়েছেন।
প্রসঙ্গত, অভিজিৎ গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন বিচারপতি পদে দায়িত্ব সামলানোর পর রাজনীতিতে যোগ দেন। তমলুক কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে সাংসদ হন তিনি। সম্প্রতি অসুস্থতা বাড়তেই কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখান থেকে দ্রুত পরিস্থিতি বুঝে এয়ারলিফট করে দিল্লি এইমসে পাঠানো হয়।
