ট্রাম্পের কথায় সংঘর্ষবিরতি? রাহুলের অভিযোগে তীব্র প্রতিক্রিয়া বিজেপির
Connect with us

অপারেশন সিঁদুর

ট্রাম্পের কথায় সংঘর্ষবিরতি? রাহুলের অভিযোগে তীব্র প্রতিক্রিয়া বিজেপির

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অপারেশন সিঁদুর (Operation Sindoor) ঘিরে সরকার ও বিরোধীদের মধ্যে চাপানউতোর আরও তীব্র হয়ে উঠেছে। কেন্দ্রের এই সাফল্য দাবি ও সেনা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) যে ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাচ্ছেন, তা ঘিরে এবার সরাসরি ব্যক্তিগত আক্রমণের পথে নামল বিজেপি। দলের মুখপাত্র ও সাংসদ শম্বিৎ পাত্র (Sambit Patra, BJP MP and Spokesperson) কংগ্রেস নেতাকে পাকিস্তান ও চিনের “পেড এজেন্ট” (Paid Agent) বলে কটাক্ষ করেছেন।

শম্বিৎ পাত্রর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে গিয়ে রাহুল ভারত মাতাকেই অপমান করছেন। তাঁর কথায়, “ওঁর বক্তব্যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সেনা জওয়ানদের সাহস ও আত্মত্যাগকে অপমান করছেন তিনি।”

প্রসঙ্গত, অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে রাহুল একাধিকবার সরকারের কাছে প্রশ্ন রেখেছেন, এই অভিযানে ভারতীয় সেনার ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র কেন সামনে আনা হচ্ছে না? তাঁর মতে, দেশের নাগরিকদের অধিকার রয়েছে এসব তথ্য জানার। যদিও প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রক শুরু থেকেই এ বিষয়ে মৌন থেকেছে। শেষ পর্যন্ত সেনা প্রধান তথা চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান (General Anil Chauhan) জানিয়েছেন, “যুদ্ধে আসল নয় কতটা ক্ষতি হল। আসল হল, লক্ষ্য সফল হয়েছে কি না। ভারতীয় বাহিনী কার্যকরী পাল্টা জবাব দিতে সক্ষম হয়েছে।”

আরও পড়ুনঃ অযোধ্যায় রাম দরবারের প্রাণপ্রতিষ্ঠা শুরু, ভোর থেকেই ভক্তদের ঢল

Advertisement
ads

এদিকে, রাহুল গান্ধীই (Rahul Gandhi, Congress MP) হলেন একমাত্র বিরোধী নেতা যিনি সরাসরি সেনা বাহিনীর ক্ষয়ক্ষতির পরিসংখ্যান জানতে চেয়েছেন। এর ফলে তাঁর সঙ্গে সরকারের দূরত্ব আরও স্পষ্ট হয়েছে। তিনি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi, PM of India) চিঠি লিখে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে অনুরোধও জানিয়েছেন।

মঙ্গলবার মধ্যপ্রদেশে (Madhya Pradesh) কংগ্রেসের এক জনসভায় রাহুল বিস্ফোরক দাবি করেন, “আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) চাপেই মোদী সরকার পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতিতে রাজি হয়। এটা দেশের জন্য অপমানজনক।” যদিও ভারতের সরকারি অবস্থান অনুযায়ী, ১১ মে পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (DGMO) ফোন করে সংঘর্ষবিরতির প্রস্তাব দেয়। ভারত তাতে সম্মতি জানায় বলেই দাবি করেছে কেন্দ্র।

এই বক্তব্যের পর বিজেপি নেতা শম্বিৎ পাত্র ফের একধাপ এগিয়ে বলেন, “রাহুল গান্ধী একদিকে পাকিস্তান, অন্যদিকে চিনের ভাষায় কথা বলছেন। কখনও বলেন চিন পূর্ব লাদাখে ভারতের জমি দখল করেছে। আবার এখন অপারেশন সিঁদুর নিয়েও সন্দেহ উস্কে দিচ্ছেন। এটাই প্রমাণ করে তিনি ভারতের স্বার্থের পাশে নেই।”

তিনি আরও বলেন, “যখন গোটা দেশ পাকিস্তানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, তখন রাহুল সেই শক্তিকেই দুর্বল করার চেষ্টা করছেন। সেনার সাফল্যকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। এটা দুর্ভাগ্যজনক ও দেশের জন্য লজ্জার।”

Advertisement
ads
Continue Reading
Advertisement