অপারেশন সিঁদুর
শশী থারুরের চাপেই কলম্বিয়া সরালো পাকিস্তানপন্থী অবস্থান, ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা
ডিজিটাল ডেস্ক: ভারতের তীব্র কূটনৈতিক প্রচেষ্টায় দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া (Colombia) অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে দেওয়া পাকপন্থী বিবৃতিটি প্রত্যাহার করেছে। ভারতের পক্ষ থেকে শশী থারুর (Shashi Tharoor) নেতৃত্বাধীন প্রতিনিধি দল কলম্বিয়ার এই অবস্থানের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ জানায়। সূত্রের দাবি, শিগগিরই কলম্বিয়া ভারতের পক্ষে জোরালো বিবৃতি প্রকাশ করবে।
অপারেশন সিঁদুর নিয়ে কলম্বিয়ার বোগাতা (Bogotá) সরকার প্রথমে পাকিস্তানের (Pakistan) সঙ্গে সমবেদনা প্রকাশ করে ভারতীয় সেনার সামরিক অভিযানে নিহত পাক নাগরিকদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছিল। এছাড়াও পাকিস্তানের ভূখণ্ডে ভারতের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। এমন অবস্থায় শশী থারুরের নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধিদল কলম্বিয়ায় পৌঁছেই সরকারি অবস্থানের বিরুদ্ধে কঠোর উদ্বেগ প্রকাশ করে।
আরও পড়ুনঃ ‘টাইগার ম্যান’ বাল্মীক থাপার প্রয়াত, বাঘ সংরক্ষণ আন্দোলনে অমূল্য অবদান
শশী থারুর বলেন, “কলম্বিয়া সরকারের প্রতিক্রিয়া আমাদের হতাশ করেছে। তারা ভারতের সামরিক অভিযানে নিহত পাকিস্তানি নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়েছেন, কিন্তু সন্ত্রাসবাদের শিকার যারা হয়েছেন তাদের জন্য নয়। আমরা কলম্বিয়ার বন্ধুদের বলতে চাই, সন্ত্রাসবাদ এবং তার প্রতিরোধকারী কারো মধ্যে কোনও সমতা নেই। আমরা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছি মাত্র। যদি কোনও ভুল বোঝাবুঝি থাকে, আমরা তা মীমাংসার জন্য প্রস্তুত।”
এই প্রতিবাদের পর কলম্বিয়া ও ভারতের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনাও হয়। শশী থারুর জানিয়েছেন, কলম্বিয়া পুরনো বিবৃতিটি প্রত্যাহার করেছে এবং শিগগিরই ভারতের পক্ষে নতুন ও শক্তিশালী বিবৃতি দেবে। বিজেপির (BJP) তরণজিৎ সিং সান্ধু (Tarunjeet Singh Sandhu) বলেন, “ভারতীয় প্রতিনিধিদলের চাপের কারণে কলম্বিয়া তাদের অবস্থান বদলাতে বাধ্য হয়েছে।”
এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়াকিবহাল মহল এটিকে ভারতের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচনা করছে।
