রাজ্যের খবর
ইউসুফ পাঠানকে সরিয়ে সর্বদলীয় বিদেশ সফরে অভিষেক! ‘অপারেশন সিঁদুর’-এ তৃণমূলের মুখ মনোনীত করলেন মমতা
ডিজিটাল ডেস্কঃ সন্ত্রাসবাদবিরোধী বার্তা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের ঐতিহাসিক কূটনৈতিক পদক্ষেপ ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। আর সেই সর্বদলীয় প্রতিনিধিদলে (Global Anti-Terror Delegation) এবার তৃণমূল কংগ্রেসের মুখ হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্র বলছে, শেষ মুহূর্তে ইউসুফ পাঠান (Yusuf Pathan)–কে কার্যত বাদ দিয়েই অভিষেককে প্রস্তাবিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বয়ং। কেন্দ্র ও রাজ্য রাজনীতির অন্দরমহলে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।
দলীয় সূত্রের খবর, সোমবার রাত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)। প্রতিনিধিদলে তৃণমূলের তরফে কে থাকবেন, সেই বিষয়ে তাঁর মতামত জানতে চাওয়া হয়। জানা গিয়েছে, প্রথমে এই বিষয়ে আগাম আলোচনা না হওয়ায় খানিকটা ক্ষুব্ধ ছিলেন মমতা। রিজিজু ফোনে দুঃখপ্রকাশও করেন। আর সেই ‘অসন্তোষ’ কাটাতেই দ্রুত সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী, তিনি বলেন— অভিষেক বন্দ্যোপাধ্যায়ই হবেন তৃণমূলের প্রতিনিধিত্বকারী সদস্য। আর এর পরই তৃণমূলের তরফ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, দলের তরফে কেন্দ্রীয় সরকারের তৈরি করা ‘ডেলিগেশন টিমে’ প্রতিনিধি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছেন মমতা।
We’re delighted to share that our Chairperson Smt. @MamataOfficial has nominated Nat’l GS Shri @abhishekaitc to represent Trinamool Congress in the all-party delegation for India’s global outreach against terrorism.
At a time when the world must unite to confront the growing…
— All India Trinamool Congress (@AITCofficial) May 20, 2025
প্রসঙ্গত, তৃণমূলের তরফে আগেই সর্বদলীয় ডেলিগেশন টিমে বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম ছিল লিস্টে। কিন্তু শেষপর্যন্ত সেই তালিকা থেকে ছিটকে পড়লেন ইউসুফ, জায়গা করে নিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রশ্ন উঠছে, রাজনৈতিক অভিজ্ঞতায় অনভিজ্ঞ ইউসুফ পাঠানের তুলনায় দলীয়ভাবে বেশি ‘স্ট্র্যাটেজিক’ এবং ‘প্রভাবশালী’ অভিষেককেই কি সামনে আনলেন মমতা? আর এর পেছনে কি লুকিয়ে কোনও অন্তর্দলীয় বার্তা?
আরও পড়ুনঃ চাকরি আন্দোলন ঘিরে মুখ্যমন্ত্রী ও অভিষেককে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের
‘অপারেশন সিঁদুর’-এর আওতায় তৈরি হয়েছে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল। বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ সফর করে তাঁরা তুলে ধরবেন ভারতের সন্ত্রাসবাদ বিরোধী অবস্থান— ‘জিরো টলারেন্স টু টেরোরিজম’। মোট ৫৯ জন সাংসদ ও বিশিষ্ট ব্যক্তি অংশ নিচ্ছেন এই মিশনে। কিরেন রিজিজু এক্স (প্রাক্তন টুইটার)-এ লেখেন, “One mission. One message. One Bharat.” তাঁর বার্তা অনুযায়ী, রাজনৈতিক মতভেদ ভুলে এবার সন্ত্রাসের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে এককাট্টা হতে চলেছে ভারত।
এই সর্বদলীয় প্রতিনিধিদলে পশ্চিমবঙ্গ থেকে আরও একজন রয়েছেন— বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। তিনি থাকছেন দ্বিতীয় দলে, যাঁদের সফর ইউরোপের ছয়টি দেশে— ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়ন।
কিন্তু ইউসুফ পাঠানকে বাদ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মনোনয়ন রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তৃণমূলের অভ্যন্তরেও কানাঘুষো শুরু হয়েছে— বিশ্বকাপজয়ী ক্রিকেটার হিসেবে ইউসুফের আন্তর্জাতিক পরিচিতি কি দলীয় কৌশলের কাছে মূল্যহীন হয়ে গেল? নাকি দলের শীর্ষস্তরে পজিশন কনসলিডেট করতেই মমতা অভিষেককে এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরলেন?
যাই হোক, অভিষেকের এই অন্তর্ভুক্তি নিঃসন্দেহে তাঁর রাজনৈতিক কদর ও পরিণত ভাবমূর্তিকে তুলে ধরছে। আর এই অভিযানে তাঁর অংশগ্রহণ আন্তর্জাতিক স্তরেই তৃণমূলের উপস্থিতি জোরদার করবে, এমনই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
