সীমান্তে নিখোঁজ বিএসএফ জওয়ানের পাশে মুখ্যমন্ত্রী, পূর্ণমকে ফেরানোর দাবি মমতার
Connect with us

রাজ্যের খবর

সীমান্তে নিখোঁজ বিএসএফ জওয়ানের পাশে মুখ্যমন্ত্রী, পূর্ণমকে ফেরানোর দাবি মমতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পহেলগাঁও হামলার পরে সীমান্তে টহলদারির সময় ‘ভুল করে’ পাকিস্তানের সীমান্তে ঢুকে পড়েন পশ্চিমবঙ্গের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ (Purnam Kumar Sau)। তারপর থেকে নিখোঁজ তিনি। গত ১৩ দিনেও তাঁর কোনও সন্ধান মেলেনি। বিএসএফ সূত্রে মনে করা হচ্ছে, তিনি পাকিস্তানি রেঞ্জার্সের (Pak Rangers) হাতে বন্দি। যদিও এখনও পর্যন্ত কেন্দ্রীয় বিদেশমন্ত্রক (Ministry of External Affairs) এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।

পূর্ণম সাউয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছেন গভীর উদ্বেগে। পরিবার জানিয়েছে, শুধু বিএসএফের তরফে মৌখিক আশ্বাস মিলেছে—তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোমবার বহরমপুর যাওয়ার আগে হাওড়ার ডুমুরজলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। আমাদের রাজ্যের জওয়ান, সাউজির কোনও খবর নেই। আমাদের তরফে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন। পূর্ণম সাউকে ফিরিয়ে আনতেই হবে।” তাঁকে বিদেশমন্ত্রকের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সেই বিষয়ে মন্তব্য এড়িয়ে যান।

আরও পড়ুনঃ পূর্ণম সাউ ইস্যুর পাল্টা বার্তা? বিএসএফের হাতে ধরা পড়ল পাকিস্তানি জওয়ান

উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও এলাকায় হিন্দু তীর্থযাত্রীদের উপর হামলা চালায় জঙ্গিরা। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, এই হামলার পেছনে পাকিস্তান ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠীর সক্রিয় মদত রয়েছে। এর পর থেকেই সীমান্তে কড়া নজরদারি শুরু করেছে কেন্দ্র। বাড়ানো হয়েছে নিরাপত্তা।

Advertisement
ads

এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী কেন্দ্রের পাশে থাকার বার্তা দিয়ে বলেন, “জাতীয় নিরাপত্তা নিয়ে কোনও ভাগাভাগি চলে না। কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে, আমরা তা সমর্থন করব।”

পূর্ণম সাউ সম্পর্কে তাঁর মন্তব্য, “আমরা সবরকমভাবে তাঁর পরিবারের পাশে আছি। চেষ্টা চলছে। পূর্ণম সাউকে ফিরিয়ে আনতেই হবে।”