প্রতারণা
নম্বরপ্লেট দেখে আটক, উদ্ধার জাল নোটের ছাপাখানা! গ্রেফতার ডেলিভারি বয়
ডিজিটাল ডেস্কঃ সামান্য এক ট্র্যাফিক নিয়ম ভাঙা থেকেই ফাঁস হল বড়সড় অপরাধের জাল! স্কুটারের নম্বরপ্লেট অস্পষ্ট হওয়ায় এক ডেলিভারি কর্মীকে আটক করেছিল পুলিশ। সেখান থেকেই শুরু হয় তদন্ত। আর তাতেই সামনে আসে জাল নোট ছাপানোর চক্র। অভিযুক্ত ব্যক্তি নিজেই ছাপাতেন জাল নোট, আর সেই কাজে ব্যবহার করতেন নিজের বাড়িকে।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রাজধানী ভোপালে। অভিযুক্তের নাম জাকির খান (Zakir Khan)। তিনি ভোপালের ইন্দ্রবিহার কলোনির বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, গত ২ মে স্থানীয় পুলিশ একটি স্কুটারকে আটকায়, যার নম্বরপ্লেট ছিল ধোঁয়াশাচ্ছন্ন। পুলিশ কর্মীরা ওই স্কুটারচালককে দাঁড়াতে বললে, তিনি পালানোর চেষ্টা করেন। সন্দেহ আরও গভীর হয়, যখন ধৃত ব্যক্তি জেরার মুখে অসংলগ্ন কথা বলতে থাকেন।
আরও পড়ুনঃ ‘সান্থারা’ ব্রতে দীক্ষিত ৩ বছরের শিশুর মৃত্যু, ধর্মীয় আচার নিয়ে বিতর্কের মুখে পরিবার
এরপরই চালানো হয় দেহ তল্লাশি। ধৃতের কাছ থেকে একাধিক ১০০ টাকার নোট উদ্ধার হয়, যেগুলির সব ক’টির সিরিয়াল নম্বর ছিল এক! পকেট থেকেও মেলে কিছু জাল নোট।
পুলিশ তখনই জাকিরকে গ্রেপ্তার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাঁর বাড়িতে তল্লাশি চালায়। বাড়ি থেকেই উদ্ধার হয় একটি প্রিন্টার, বেশ কিছু সাদা কাগজ এবং কয়েকটি জাল নোট। কিছু কাগজে একদিকে ৫০, অন্যদিকে ১০০ টাকার নোটের ছাপ পাওয়া গেছে, যা দেখে পুলিশের অনুমান—অভিযুক্ত নিয়মিতভাবে জাল নোট তৈরি করতেন।
ভোপাল পুলিশের এক তদন্তকারী আধিকারিক (Investigating Officer) জানিয়েছেন, “আপাতত ভারতীয় দণ্ডবিধির (IPC) ১৭৯, ১৮০ ও ১৮১ ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে এর পেছনে কোনও বড় চক্র কাজ করছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”
এখন প্রশ্ন উঠছে, এই ব্যক্তির সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না। পুলিশ জাকিরকে কড়া জেরায় রাখার পাশাপাশি গোটা ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য দিক খতিয়ে দেখছে। তদন্ত চলছে জোরকদমে।
