জেলার খবর
গাজোলে শৌচালয়ের শিলান্যাস, বাসযাত্রীদের ‘অপেক্ষার শেষ’!
ডিজিটাল ডেস্কঃ যাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল মালদার গাজোলে। মালদার গাজোলের জাতীয় সড়কের ধারে অবস্থিত একটি ব্যস্ত বাসস্ট্যান্ডের পাশে একটি আধুনিক শৌচালয় নির্মাণের শিলান্যাস করলেন এলাকার বিধায়ক চিন্ময় দেববর্মন। তাঁর বিধায়ক তহবিল থেকে প্রায় ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই শৌচালয় প্রকল্পে।
এদিনের অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ঠাকুরদাস সরকার এবং বিষহরি পূজা কমিটির একাধিক সদস্য। নতুন শৌচালয়টি নির্মাণ হলে প্রতিদিন যাতায়াতকারী যাত্রী এবং আশপাশের মানুষদের দৈনন্দিন সমস্যার সুরাহা হবে বলে মনে করছেন অনেকেই।
আরও পড়ুনঃ রাতে একজনের সঙ্গে, সকালে অন্যজনের কাছে — সৌমিত্রকে নিশানা দিলীপ ঘোষের
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই এই বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় শৌচালয়ের অভাব ছিল। যাত্রী এবং ব্যবসায়ীরা একাধিকবার প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানান। সেই আবেদনকে গুরুত্ব দিয়েই এই পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নিয়েছেন বিধায়ক।
স্থানীয়দের মতে, এই শৌচালয় নির্মাণ এলাকার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি বজায় রাখার পাশাপাশি, সামাজিক সচেতনতাও বাড়াতে সাহায্য করবে। দ্রুত কাজ শুরু করে শৌচালয়টি সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।
