হামলা
“চুক্তি ভাঙার বদলা নেবে পাকিস্তান? সিন্ধু নিয়ে যুদ্ধংদেহী সুর ইসলামাবাদের”
ডিজিটাল ডেস্কঃ ভারতের কঠোর সিদ্ধান্তের পর পাক নেতৃত্বে তীব্র প্রতিক্রিয়া। সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty) বাতিল করে পাক সরকারকে আনুষ্ঠানিক নোটিস পাঠিয়েছে নয়াদিল্লি। পাল্টা আগ্রাসী সুরে জবাব দিলেন পাকিস্তান পিপলস পার্টির প্রধান ও প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো (Bilawal Bhutto)।
শুক্রবার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “সিন্ধু নদ পাকিস্তানের ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। যদি দরকার হয়, জল না থাকুক, রক্ত বইবে এই নদী দিয়ে।” তাঁর এই মন্তব্য নতুন করে উত্তেজনা ছড়িয়েছে উপমহাদেশে।
আরও পড়ুনঃমুসলমান বিরিয়ানি বিক্রেতাকে গুলি করে খুন, পহেলগাঁওয়ের বদলার দাবি যুবকের
প্রসঙ্গত, পহেলগাঁও হামলার (Pahalgam Attack) পর থেকেই ভারতের মনোভাব আরও কঠোর হয়েছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাটিল স্পষ্টভাবে জানিয়েছেন, পাকিস্তান যাতে সিন্ধু নদী থেকে একফোঁটা জলও না পায়, তা নিশ্চিত করবে ভারত।
১৯৬০ সালে বিশ্ব ব্যাঙ্কের মধ্যস্থতায় হওয়া সিন্ধু জলচুক্তি অনুযায়ী বিতস্তা ও চন্দ্রভাগার জলের উপর অধিকাংশ অধিকার পাকিস্তানের হাতে থাকলেও ভারত বরাবরই বলে এসেছে, এই চুক্তি একপেশে। পাকিস্তান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মঞ্চে ভারত-বিরোধী অভিযোগ করে এসেছে নদীবাঁধ নির্মাণ ইস্যুতে।
নয়াদিল্লির তরফে স্পষ্ট জানানো হয়েছে, পাকিস্তান লাগাতার সীমান্ত সন্ত্রাস চালিয়ে চুক্তির আত্মাকে ধ্বংস করেছে। তাই এই সিদ্ধান্ত। এখন প্রশ্ন উঠছে, পাক নেতৃত্বের এমন হুঁশিয়ারির পর দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে।
বিশেষজ্ঞরা বলছেন, সিন্ধু জল নিয়ে উত্তেজনা আরও বাড়তে পারে, যা দু’দেশের সম্পর্ককে ভয়ঙ্কর নতুন সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে।
