বিশ্বের খবর
কেন্দ্রীয় অনুদান বন্ধ, কী হবে মার্কিন শিক্ষাব্যবস্থার?
ডিজিটাল ডেস্কঃ নিজের ঘোষণাই বাস্তবায়িত করলেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার স্বাক্ষরিত এক আদেশে কার্যকর হল আমেরিকার শিক্ষা দফতর বন্ধের সিদ্ধান্ত। এই পদক্ষেপের ফলে কেন্দ্রীয় বাজেট থেকে শিক্ষা খাতে আর কোনও বরাদ্দ করা হবে না, যার ফলে সরকারি সহায়তায় পরিচালিত বহু শিক্ষা প্রতিষ্ঠান সংকটে পড়তে পারে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি প্রদেশ নিজেদের মতো করে শিক্ষা সংক্রান্ত নীতি নির্ধারণ করবে। দীর্ঘ চার দশক কেন্দ্রীয় প্রশাসনের অধীনে থাকা শিক্ষা দফতরকে বিলুপ্ত করলেন ট্রাম্প। ১৯৭৯ সালে চালু হওয়া এই দফতর এবার আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল।
ট্রাম্পের স্বাক্ষরিত নির্দেশিকায় বলা হয়েছে, “এই দফতর রেখে তেমন কোনও ইতিবাচক ফল আসেনি। তাই যত দ্রুত সম্ভব এটি বন্ধ করা হচ্ছে।” পাশাপাশি, শিক্ষা সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত প্রদেশগুলোর হাতে ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। তবে মার্কিন আইন অনুযায়ী, কোনও প্রশাসনিক দফতর খোলা বা বন্ধ করতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। যদিও প্রেসিডেন্ট আদেশ দিলে সংশ্লিষ্ট দফতরের অর্থ বরাদ্দ বন্ধ হয়ে যায়, ফলে কার্যত দফতরটি অচল হয়ে পড়ে। বর্তমানে এই দফতরে কর্মরত ৪২০০ জনেরও বেশি মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
আরও পড়ুনঃ “রান ফর রায়গঞ্জ ” নিয়ে বিধায়ককে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি শিক্ষা দফতরের জন্য প্রায় ২৫০০০ কোটি মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছিল। কিন্তু ট্রাম্পের সিদ্ধান্তে সেই অর্থ বরাদ্দও স্থগিত হয়ে গেল। দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেই প্রশাসনিক খরচ কমানোর বিষয়ে কড়া অবস্থান নিয়েছেন তিনি। নির্বাচনী প্রচারের সময় থেকেই তিনি শিক্ষা দফতর বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রথমবার ক্ষমতায় থাকাকালীনও এই পদক্ষেপ নিতে চেয়েছিলেন, তবে প্রশাসনিক বাধার কারণে তা সম্ভব হয়নি। এবার আর কোনও বাধা থাকছে না, কার্যকর হল তাঁর পরিকল্পনা।
