কলকাতা
নিবেদিতা সেতুর কাছে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৪ শ্রমিকের
ডিজিটাল ডেস্কঃ ভোররাতে ভয়ংকর পথদুর্ঘটনা ঘটল নিবেদিতা সেতুর কাছে। একটি ছোট গাড়ির টায়ার ফেটে যাওয়ার ফলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। গাড়ির উপর বসে থাকা ৬ জন শ্রমিক সেতুর রেলিং টপকে প্রায় ৪০ ফুট নিচে রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ২ জন।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে তিনটে নাগাদ হাবরা থেকে হাওড়ার অঙ্কুরহাটির বাজারে কাপড় বিক্রি করতে যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। তাঁদের বহনকারী ছোট গাড়িটিতে প্রচুর মালপত্র ছিল, এবং ছয়জন শ্রমিক গাড়ির ছাদে বসেছিলেন। লালবাড়ির সামনে হঠাৎ গাড়ির টায়ার ফেটে যায়, ফলে গাড়িটি উল্টে যায় এবং শ্রমিকরা সেতুর উপর থেকে নিচে পড়ে যান।
আরও পড়ুনঃ টেসলা গাড়িতে হামলা, অভিযুক্তদের ২০ বছরের কারাদণ্ডের হুঁশিয়ারি ট্রাম্পের
দুর্ঘটনা নজরে আসতেই স্থানীয়রা দ্রুত ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। আহতদের উদ্ধার করে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চারজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে এবং তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া চলছে।
