স্টোরি
গর্ভপাতের সিদ্ধান্ত বদলে দিল জীবন, অকপট কুবরা সেত!
ডিজিটাল ডেস্কঃ ‘সেক্রেড গেমস’-এর কুকু চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন কুবরা সেত। তবে অভিনয়ের বাইরেও তাঁর জীবন নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। নিজের লেখা আত্মজীবনীতে তিনি এমন এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন, যা তাঁকে বদলে দিয়েছে চিরতরে—এক রাতের সম্পর্ক, আকস্মিক গর্ভধারণ এবং গর্ভপাতের কঠিন সিদ্ধান্ত।
২০১৩ সালে আন্দামানে ছুটি কাটাতে গিয়েছিলেন কুবরা। সারাদিন স্কুবা ডাইভিংয়ের রোমাঞ্চ, সন্ধ্যায় কয়েক পাত্র মদ্যপান, আর তার পর এক বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতা। তখনও বুঝতে পারেননি, একরাতের এই সম্পর্ক তাঁর জীবনে গভীর প্রভাব ফেলতে চলেছে। কয়েকদিন পর জানতে পারেন, তিনি অন্তঃসত্ত্বা। মুহূর্তেই বদলে যায় সবকিছু।
আরও পড়ুনঃমহাশূন্য অভিযানে ভারতকে টেক্কা দিতে মরিয়া পাকিস্তান
কুবরা বলেন, “আমি তখন একেবারেই প্রস্তুত ছিলাম না। মা হওয়ার জন্য যেমন মানসিক প্রস্তুতি দরকার, তা আমার ছিল না। তার উপর, যার সঙ্গে সম্পর্ক হয়েছিল, সে আমার প্রেমিকও ছিল না। ফলে সিদ্ধান্ত নেওয়া আরও কঠিন হয়ে পড়েছিল।”
নিজেকে একা লাগছিল, মানসিক চাপ বাড়ছিল প্রতিদিন। কাউকে বলতে পারেননি, সাহায্য চাননি—নিজের লড়াই নিজেই লড়েছিলেন। শেষমেশ গর্ভপাতের সিদ্ধান্ত নেন। কুবরার কথায়, “সিদ্ধান্তটা সহজ ছিল না, কিন্তু এটাই আমার জন্য সঠিক ছিল।”
সেই সময় অপরাধবোধে ভুগলেও আজ আর তাঁর কোনো অনুশোচনা নেই। বরং বিশ্বাস করেন, এই অভিজ্ঞতা তাঁকে আরও শক্তিশালী করেছে। তিনি বলেন, “জীবনে অনেক কঠিন মুহূর্ত আসে, কিন্তু নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা থাকাটা খুব জরুরি। সেই ঘটনার পর আমি আরও আত্মনির্ভর হয়ে উঠেছি।”
জীবনের প্রতিটি ধাপই কিছু না কিছু শেখায়। কুবরার মতে, “যা হয়েছে, তা আমার জীবনের অংশ। আমি অনুতপ্ত নই, বরং গর্বিত যে আমি নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি।”
