মালদা
অবিরাম বৃষ্টিতে নদীভাঙ্গণের আশঙ্কা প্রকাশ গ্রামবাসীদের, দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবী স্থানীয়দের
মালদা, ১৫ জুন : টানা বৃষ্টিতে ক্রমেই বাড়ছে মহানন্দা নদীর জল। ফলে গতবারের মত এবারেও ভাঙ্গনের আশঙ্কা প্রকাশ করেছেন মালদার নরহাট্টা অঞ্চলের ইটাখোলা টিকা গ্রামের বাসিন্দারা।জানা যায়, গতবার বর্ষার সময় মহানন্দা নদীর জল বেড়ে গিয়ে গ্রামের বেশ কয়েকটি আমবাগান ও বেশকিছু ঘরবাড়ি নদীগর্ভে তলিয়ে যায়।
প্রশাসনকে জানালে সেচ দপ্তরের মাধ্যমে বালির বস্তা দিয়ে কোন রকমে ভাঙ্গন আটকে রাখে।আশ্বাস দেওয়া হয়, খরার মরসুমে বোল্ডারের মাধ্যমে সেই এলাকা বাঁধাই করে দেয়া হবে। কিন্তু বর্ষার মর্সুম শুরু হওয়ার আগেও এখন পর্যন্ত সে এলাকা বোল্ডার দিয়ে বাঁধানো তো দূরের কথা প্রশাসনের তরফ থেকে পরিদর্শনো করা হয়নি। এই ঘটনায় এবছরও ভাঙ্গণের আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসীরা।মিঠুন মন্ডল নামে এক এলাকাবাসী বলেন, প্রতিবছর বৃষ্টি হলেই নদীভাঙ্গনের আশঙ্কায় কাঁটা হয়ে থাকে এলাকাবাসীরা। গতবছর ভাঙ্গনরোধে বালির বস্তা দেওয়া হলেও এবছর বেশি বৃষ্টি হলেই তা ভেসে যাবে। ভাঙ্গনে তলিয়ে যাবে ঘরবাড়ি আমবাগান সহ সমস্ত কিছু। ফলে ভাঙ্গন রোধে দরকার স্থায়ী নির্মাণ। যদিও এখনো অব্দি দেখা মেলেনি কোন প্রশাসনিক আধিকারিকদের।ফলে আতঙ্কে আছেন গ্রামবাসীরা। অন্যদিকে নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের প্রধান তোজিবুর রহমান জানিয়েছেন, ভাঙ্গণ রুখতে সেচ দফতরকে বারংবার জানানো হয়েছে। ভাঙ্গণে যাতে গ্রামের কোন ক্ষতি না হয় সেজন্য প্রশাসনকে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান তোজিবুর রহমান।
