দেশ
কোভ্যাক্সিন না কোভিশিল্ড, কোনটি বেশি সংখ্যক অ্যান্টিবডি তৈরিতে সক্ষম? গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
নিউজ ডেস্ক, ৭ জুন : করোনা সংক্রমণে লাগাম টানতে দেশজুড়ে দ্রুতগতিতে চলছে টিকাকরণ প্রক্রিয়া। সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, বর্তমানে এই দুই টিকার জোরেই ভারতে চলছে করোনা টিকাকরণ।তবে কোভিশিল্ড নিলে কোভ্যাক্সিনের তুলনায় তৈরি হচ্ছে বেশি অ্যান্টিবডি, এমনই চাঞ্চল্যকর তথ্য দেখা গিয়েছে নতুন গবেষণায়, দাবি একদল গবেষকের।
গবেষকদের দাবি, সার্ভেতে অংশগ্রহণ করেছিলেন একাধিক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী। তাঁদের মধ্যে কেউ নিয়েছিলেন কোভিশিল্ড এবং কেউ কোভ্যাক্সিন। তাঁদের শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডির ভিত্তিতে এই পরীক্ষা করা হয় বলে খবর। গবেষণাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।অপ্রকাশিত এক গবেষণার তথ্য অনুযায়ী চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের পরীক্ষা করে এই ফল পাওয়া গিয়েছে। তাঁরা প্রত্যেকেই দুই প্রতিষেধকের কোনও একটা নিয়েছিলেন। চিকিৎসক এ কে সিংহ এবং তাঁর সহকর্মীদের করা এই পরীক্ষায় দেখা গিয়েছে, দুই প্রতিষেধকই করোনাভাইরাস আটকাতে এবং শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে যথেষ্ট সক্ষম।এর আগেও অপ্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছিল প্রথম ডোজ নেওয়ার পর কোভিশিল্ডের এফিকেসি ৭০ শতাংশ। কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায় পরীক্ষার ফল থেকে জানা গিয়েছিল, তার এফিকেসি ৮১ শতাংশ।৫১৫ জন স্বাস্থ্যকর্মীদের মধ্যে ৯৫ শতাংশের শরীরে দ্বিতীয় ডোজের পর বেশি সংখ্যায় অ্যান্টিবডি পাওয়া গিয়েছে। ৪২৫ জন কোভিশিল্ড নেওয়া স্বাস্থ্যকর্মীর শরীরে মিলেছে ৯৮.১ শতাংশ অ্যান্টিবডি। ৯০ জন কোভ্যাক্সিন নেওয়া স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে সেটা ৮০ শতাংশ, বলছে গবেষণা।
সমীক্ষায় এও দেখা গিয়েছে যে, কোভিশিল্ড এবং কোভাক্সিন উভয়ই দুটি ডোজ দেওয়ার পরে গ্রহীতাদের শরীরে ভালো প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে। তবে এক্ষেত্রে কোভ্যাক্সিনের চেয়ে এগিয়ে রয়েছে কোভিশিল্ড। এর সেরোপোসিটিভিটি হার এবং মিডিয়ান অ্যান্টি-স্পাইক অ্যান্টিবডি টাইট্রের পরিমাণ বেশি। কোভিশিল্ডের ক্ষেত্রে এটা প্রতি মিলিলিটারে ১১৫ AU এবং কোভাক্সিনের ক্ষেত্রে প্রতি মিলিলিটারে ৫১ AU । তবে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনে গ্রহীতাদের মধ্যে সিরোপোসিটিভিটি হার এবং অ্যান্টি-স্পাইকের গড় উল্লেখযোগ্যভাবে বেশি।গবেষণার পরেও, চিকিৎসকরা জানাচ্ছেন করোনার তৃতীয় তরঙ্গ থেকে নিজেদের বাঁচাতে টিকার কোনও বিকল্প নেই। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যায়। সেক্ষেত্রে সম্পূর্ণ টিকাকরণের পরেও সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।
