রাজ্যের খবর
করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে উদ্যোগী ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব
নিউজ ডেস্ক , ১৮ মে : গোটা দেশে ক্রমবর্ধমান করোনা আক্রান্তের সংখ্যা। পশ্চিমবঙ্গেও লাগাতার বাড়ছে করোনার সংক্রমণ। রাজ্যে শুরু হয়েছে আংশিক লকডাউন। এই লকডাউন পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিয়েছেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব।
লকডাউন পরিস্থিতিতে তার কেন্দ্রে করোনা আক্রান্তদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে খাদ্যসামগ্রী। শুধু এখানেই থেমে থাকেননি সাংসদ অভিনেতা দেব। এমনকি হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত রোগীর পরিজনদের প্রতিদিন খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী। তার প্রতিনিধি মাধ্যমে জানা গিয়েছে, যতদিন রাজ্যে কার্যত লকডাউন চলবে ততদিন রোগী এবং তাদের আত্মীয়দের দুবেলা খাওয়ারের বন্দোবস্ত করবেন তৃণমূল সাংসদ দেব। ইতিমধ্যেই সেই পরিষেবার সূচনা করেছেন তিনি। এই পরিষেবা পেতে হলে শুধুমাত্র নির্দিষ্ট মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে করোনা আক্রান্ত এবং তাদের আত্মীয় পরিজনদের। তবে এই পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কোভিড পজিটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক। টুইটার মাধ্যমে দেব জানিয়েছেন, যারা এই পরিষেবা পেতে চান তাদের যোগাযোগ করতে হবে ৭৪০৭৮০৩০১১ অথবা ৭৩৮৪৬৮৩০৩৫ অথবা ৯৬৭৯৪৬৮৯৭১ অথবা ৭০৪৭৩৭৬৫০১ নম্বরে। এই নম্বরগুলিতে যোগাযোগ করার পর প্রতিনিধি মারফত খাওয়ার পৌঁছে যাবে করোনা আক্রান্তদের বাড়ি। এছাড়াও রোগী এবং তাদের আত্মীয় পরিজনদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন অভিনেতা সাংসদ দেব। ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করাতে আসা দূর-দূরান্তের করোনা রোগীর আত্মীয় পরিজনদের জন্য দুবেলার খাওয়ারেরও বন্দোবস্ত করেছেন তিনি।
